প্রজননের জন্য সঙ্গী খুঁজে না পেলে কী করবে সামুদ্রিক শৈবাল? কিছু প্রজাতির কেল্প (Kelp)-এর ক্ষেত্রে উত্তরটি বেশ চমকপ্রদ। সঙ্গী ছাড়াই নতুন প্রজন্ম তৈরি করতে পারে এরা। এমনকি পুরুষ কেল্পের প্রজননকোষও নিষেক ছাড়াই নতুন শৈবালের জন্ম দিতে পারে। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা এই অপ্রত্যাশিত প্রজননক্ষমতার পেছনের প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পেয়েছেন।
গত ১২ নভেম্বর, ২০২৬ PLOS Biology-তে প্রকাশিত গবেষণাটিতে দেখা গেছে, সঙ্গী না থাকলে কেল্প যৌন প্রজননের পরিবর্তে অযৌন প্রজননের পথ বেছে নিতে পারে। তবে আশপাশে বিপরীত লিঙ্গের প্রজননসঙ্গী থাকলে তারা আবার যৌন প্রজননকেই অগ্রাধিকার দেয়।
জার্মানির GEOMAR Helmholtz Centre for Ocean Research Kiel-এর সামুদ্রিক জীববিজ্ঞানী ড্যানিয়েল লিসনার বলেন, গবেষণার ফলাফল থেকে বোঝা যায়, কেল্পের প্রজননক্ষমতা বিজ্ঞানীদের আগের ধারণার চেয়েও বেশি নমনীয়।
কেল্প একধরনের বৃহদাকার বাদামি শৈবাল। সমুদ্রের উপকূলীয় বাস্তুতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামুদ্রিক বিভিন্ন প্রাণীর খাদ্য ও আশ্রয়ের জোগান দেয় এসব শৈবালের বন। এদের জীবনচক্রও বেশ জটিল। সাধারণত পুরুষ কেল্পের তৈরি ছোট ও চলনশীল শুক্রাণু স্ত্রী কেল্পের তৈরি বড় ও স্থির ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে নিষেক ঘটে। এরপর তৈরি হয় নতুন কেল্পের দেহ।
তবে নিষেক ছাড়াও নতুন কেল্প জন্মানোর একটি প্রক্রিয়া রয়েছে, যার নাম পার্থেনোজেনেসিস (Parthenogenesis)। এ প্রক্রিয়ায় নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে নতুন জীবের বিকাশ ঘটে। বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন, স্ত্রী কেল্পের ক্ষেত্রে এমন প্রজনন সম্ভব। তবে পুরুষ কেল্পের প্রজননকোষ থেকেও একইভাবে নতুন জীব তৈরি হতে পারে, বিষয়টি তুলনামূলকভাবে কম জানা ছিল।
নতুন গবেষণায় বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার আটলান্টিক উপকূলে পাওয়া Laminaria pallida প্রজাতির কেল্প নিয়ে পরীক্ষা চালান। গবেষণাটির মূল লক্ষ্য ছিল পুরুষ ও স্ত্রী উভয় কেল্পের অযৌন প্রজননক্ষমতা এবং এর পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া বোঝা।
পরীক্ষাগারে পুরুষ ও স্ত্রী কেল্পের অণুবীক্ষণিক প্রজনন পর্যায়কে আলাদা পাত্রে রেখে পর্যবেক্ষণ করেন গবেষকেরা। দেখা যায়, নিষেক ছাড়াই উভয় লিঙ্গের প্রজননকোষ থেকে নতুন কেল্পের বিকাশ ঘটছে। বিশেষ করে পুরুষ কেল্পের ক্ষেত্রে বিষয়টি বেশ উল্লেখযোগ্য। কারণ, শুক্রাণু আকারে ছোট এবং এর মধ্যে নতুন জীবের বিকাশের জন্য প্রয়োজনীয় জৈব সম্পদও তুলনামূলকভাবে কম থাকে।
গবেষকেরা আরও দেখেন, পুরুষ কেল্পের কিছু প্রজননকোষ স্বাভাবিক শুক্রাণুর তুলনায় বড় হয়ে যায়। পরে এগুলো ডিম্বাণুর মতো আচরণ করে এবং নিষেক ছাড়াই নতুন কেল্পের দেহ তৈরি করে। অর্থাৎ, পুরুষ কেল্পের শুক্রাণুও একপর্যায়ে অযৌন প্রজননের মাধ্যমে নতুন প্রজন্ম তৈরির সক্ষমতা অর্জন করে।
এ প্রক্রিয়ার সময় পুরুষ কেল্পের জিনের কার্যক্রমেও পরিবর্তন ঘটে। পুরুষ বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত জিনগুলোর কার্যক্রম কমে যায়। ফলে তাদের জিনের কার্যক্রমের ধরন স্ত্রী কেল্পের কাছাকাছি চলে আসে। গবেষকদের মতে, অযৌন প্রজননের সময় পুরুষ কেল্পের মধ্যে একধরনের জৈবিক পুনর্বিন্যাস ঘটে, যা তাদের নতুন জীবনপর্যায় তৈরি করতে সাহায্য করে।
তবে গবেষণাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলোর একটি হলো, আশপাশে প্রজননসঙ্গী থাকলে কেল্পের অযৌন প্রজননের প্রবণতা কমে যায়।
বিষয়টি যাচাই করতে গবেষকেরা পুরুষ ও স্ত্রী কেল্পকে আলাদা রাখার পাশাপাশি এমন ব্যবস্থাও করেন, যেখানে তারা একই পানির মধ্যে থাকলেও একটি সূক্ষ্ম জাল দিয়ে আলাদা ছিল। ফলে সরাসরি সংস্পর্শ ছাড়াই একে অপরের উপস্থিতির প্রভাব পরীক্ষা করা সম্ভব হয়।
দেখা যায়, বিপরীত লিঙ্গের কেল্পের উপস্থিতি না থাকলে পুরুষ ও স্ত্রী উভয়ের মধ্যেই অযৌন প্রজননের প্রবণতা বেড়ে যায়। অন্যদিকে, বিপরীত লিঙ্গের উপস্থিতিতে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসে। অর্থাৎ, কেল্প আশপাশে সম্ভাব্য প্রজননসঙ্গীর উপস্থিতি কোনোভাবে শনাক্ত করতে পারে। গবেষকদের ধারণা, পানিতে ছড়িয়ে পড়া কোনো রাসায়নিক সংকেতের মাধ্যমে তারা এমন তথ্য পেয়ে থাকে। তবে ঠিক কোন সংকেত বা জৈবিক প্রক্রিয়া এর জন্য দায়ী, তা এখনো জানা যায়নি।
এতে বোঝা যায়, কেল্পের অযৌন প্রজনন সব সময় সক্রিয় থাকে না। বরং পরিস্থিতি অনুযায়ী তারা প্রজননের পদ্ধতি বদলাতে পারে। উপযুক্ত সঙ্গী না থাকলে অযৌন প্রজনন তাদের বংশধারা টিকিয়ে রাখার বিকল্প পথ হিসেবে কাজ করতে পারে।
তবে অযৌন প্রজননের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গবেষকেরা দেখেছেন, নিষেক ছাড়াই তৈরি হওয়া কেল্পের বৃদ্ধি স্বাভাবিক যৌন প্রজননের মাধ্যমে জন্ম নেওয়া কেল্পের তুলনায় ধীর। এদের আকারও ছোট থাকে এবং দেহের বিভিন্ন অংশের গঠনে অস্বাভাবিকতা দেখা যায়। অনেক ক্ষেত্রে পাতার মতো অংশের স্বাভাবিক গঠন তৈরি হয় না। এমনকি প্রয়োজনীয় কিছু টিস্যুও ঠিকভাবে বিকশিত হয় না।
পরীক্ষাগারে কয়েক মাস বেঁচে থাকলেও এসব অযৌন প্রজননে জন্ম নেওয়া কেল্প স্বাভাবিক প্রজনন কাঠামো তৈরি করতে পারেনি। ফলে প্রকৃতিতে এরা পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত টিকে থাকতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রাকৃতিক পরিবেশেও অযৌন প্রজননের ভূমিকা খতিয়ে দেখেন গবেষকেরা। এ জন্য দক্ষিণ আফ্রিকার প্যাটারনোস্টার এবং নামিবিয়ার সোয়াকোপমুন্ড এলাকার দুটি প্রাকৃতিক কেল্প জনগোষ্ঠীর মোট ৫২৩টি পূর্ণাঙ্গ কেল্প পরীক্ষা করেন। তবে সেখানে অযৌন প্রজননের মাধ্যমে তৈরি হওয়া কেল্পের সুস্পষ্ট কোনো জিনগত প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, পরীক্ষাগারে অযৌন প্রজননের সক্ষমতা থাকলেও প্রকৃতিতে এই প্রক্রিয়ায় জন্ম নেওয়া কেল্পের সংখ্যা খুবই কম। গবেষকদের ধারণা, অযৌন প্রজননে জন্ম নেওয়া কেল্পের ধীর বৃদ্ধি ও শারীরিক ত্রুটি তাদের স্বাভাবিক প্রজননে জন্ম নেওয়া কেল্পের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে দেয়।
স্কটিশ অ্যাসোসিয়েশন ফর মেরিন সায়েন্সের বাস্তুবিজ্ঞানী রেইনা ভিনহফের মতে, বাদামি শৈবাল বেশ বিচিত্র। এরা বিভিন্ন ধরনের প্রজনন কৌশল ব্যবহার করতে পারে। নতুন গবেষণাটি দেখিয়েছে, জিনের কার্যক্রমের পরিবর্তনের মাধ্যমে কীভাবে একই প্রজাতি ভিন্ন ভিন্ন প্রজননপদ্ধতি অনুসরণ করতে পারে।
বর্তমানে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি ও সামুদ্রিক তাপপ্রবাহের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কেল্পের কলোনি হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় কেল্প কীভাবে বংশবিস্তার করে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাদের প্রজননপদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আসে, তা বোঝা গুরুত্বপূর্ণ। ভিনহফের মতে, কেল্পের প্রজনন সম্পর্কে আরও ভালোভাবে জানা এবং পরিবর্তিত জলবায়ুতে তাদের প্রজনন কীভাবে বদলাবে, তা বোঝা এখন গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়।
———
Liesner et al. (2026), Life-cycle plasticity enables conditional asexual reproduction in a kelp, PLOS Biology (2026).
DOI: 10.1371/journal.pbio.3004065
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


