দীর্ঘ আট বছরের যাত্রা শেষে অবশেষে বুধ গ্রহে পৌঁছেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান বেপিকলম্বো (BepiColombo)। সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহটিকে কেন্দ্র করে কক্ষপথে প্রবেশ করা এটি দ্বিতীয় মহাকাশ অভিযান। এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নাসার মেসেঞ্জার (MESSENGER) মহাকাশযান বুধের কক্ষপথে অবস্থান করেছিল।
🔥 Engines are firing!@BepiColombo has begun its #Mercury orbit insertion burn. 🛰️
For the next 37 minutes, MPO’s four chemical thrusters will be burning through #BepiColombo ‘s closest approach of Mercury at an altitude of 635km from the planet’s surface.#ESOC @esa @JAXA_en… pic.twitter.com/ibJZ3y7lXU
— ESA Operations (@esaoperations) November 21, 2026
গতকাল অর্থাৎ ২১ নভেম্বর ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) জানিয়েছে, ইউরোপে তৈরি বেপিকলম্বোর একটি মডিউল বুধের কক্ষপথে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে কয়েক মাসব্যাপী একাধিক কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মহাকাশযানটির দুটি বৈজ্ঞানিক অনুসন্ধানযান আলাদা হয়ে যাবে। এর একটি তৈরি করেছে ESA এবং অন্যটি জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA। আলাদা হওয়ার পর দুটি অনুসন্ধানযান ভিন্ন উচ্চতায় থেকে নিজস্ব কক্ষপথে গ্রহটিকে পর্যবেক্ষণ করবে।
বুধের উদ্দেশে দীর্ঘ যাত্রাপথে মহাকাশযানটির কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন গবেষকেরা। এর মধ্যে ছিল মহাকাশযানে থাকা এক্স-রে ক্যামেরা মার্কারি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার (MIXS)। পরীক্ষার সময় বিজ্ঞানীরা ক্যামেরাটির সাহায্যে ক্র্যাব নেবুলার দিকে তাক করেন। এই নেবুলাটি একটি সুপারনোভা বিস্ফোরণের অবশিষ্টাংশ, যা ১০৫৪ সালে পৃথিবী থেকে দেখা গিয়েছিল।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের প্লাজমা পদার্থবিদ এমা বানসের মতে, আন্তঃগ্রহ অভিযানে পাঠানো প্রথম এক্স-রে ইমেজিং যন্ত্র হলো MIXS। তিনি বেপিকলম্বো অভিযানের অন্যতম প্রধান বিজ্ঞানী।
একটি অভিযান, দুটি অনুসন্ধানযান
আপাতত দুটি অনুসন্ধানযান একসঙ্গে যুক্ত থাকবে। ৯ ডিসেম্বর জাপানের অনুসন্ধানযানটির জন্য নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর পর তারা আলাদা হবে। জাপানে তৈরি এই অনুসন্ধানযানটির নাম MIO। এটি বুধের পৃষ্ঠ থেকে প্রায় ৫০০ থেকে ১১ হাজার কিলোমিটার উচ্চতায় উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এ সময় গ্রহটির চৌম্বকক্ষেত্র এবং সোলার উইন্ডের ইন্টার্যাকশন পর্যবেক্ষণ করবে।
অন্যদিকে, ইউরোপে তৈরি অনুসন্ধানযানটির নাম মার্কারি প্ল্যানেটারি অরবিটার (MPO)। এতে MIXS-সহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। এটি ধীরে ধীরে নিজের কক্ষপথের উচ্চতা কমাবে। ২০২৭ সালের মার্চ নাগাদ বুধের পৃষ্ঠ থেকে ৪০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার উচ্চতার নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে এর বিভিন্ন যন্ত্র নিয়মিতভাবে গ্রহটির পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে।
ক্রেডিট: ESA/P. Carril
বেপিকলম্বো অভিযানের অন্যতম বিজ্ঞানী এমা বানসের মতে, সৌরজগতের সবচেয়ে ভেতরের অঞ্চলে পৌঁছানো বেশ দীর্ঘ ও জটিল একটি প্রক্রিয়া। তাঁর ভাষায়, শক্তির হিসাব বিবেচনা করলে সৌরজগতের বাইরের দিকে যাওয়ার তুলনায় বুধে পৌঁছাতে বেশি শক্তির প্রয়োজন হয়।
২০১৮ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করে বেপিকলম্বো। সূর্যের এত কাছে পৌঁছেও যেন অতিরিক্ত গতি অর্জন করে বুধকে অতিক্রম করে না যায়, সে জন্য মহাকাশযানটিকে ধীরে ধীরে নিজের গতি ও কক্ষপথ নিয়ন্ত্রণ করতে হয়েছে।
জ্বালানির পরিমাণ কম রাখার জন্য প্রচলিত রকেট থ্রাস্টারের পরিবর্তে যাত্রাপথের বেশির ভাগ সময় সৌরবিদ্যুৎচালিত বৈদ্যুতিক ইঞ্জিন ব্যবহার করেছে মহাকাশযানটি। তবে এই ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি কাজ করেনি। ফলে অভিযানে ১১ মাসের বিলম্ব ঘটে।
এ ছাড়া সূর্যকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে নয়টি কক্ষপথ পরিক্রমার সময় মহাকাশযানটি কয়েক দফা মহাকর্ষের সাহায্য নিয়েছে। পৃথিবী ও চাঁদ, শুক্র এবং বুধের মহাকর্ষীয় আকর্ষণ কাজে লাগিয়ে নিজের গতি কমিয়ে আনে এটি। এভাবে ধাপে ধাপে বুধের কাছাকাছি পৌঁছানোর উপযোগী কক্ষপথ তৈরি করে মহাকাশযানটি।
ক্রেডিট: ESA
২০২১ সালে বুধের ছয়টি ফ্লাইবাইয়ের প্রথমটির সময় মহাকাশযানটির ক্যামেরায় প্রথমবারের মতো কাছ থেকে ধরা পড়ে গ্রহটির ছবি।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।




