বাংলাদেশের ধলেশ্বরী নদীতে জলজ পোকামাকড়ের দেহে প্রথমবারের মতো শনাক্ত হলো বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক (MPs)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গত ৫ই মে Scientific Reports জার্নালে এই তথ্য প্রকাশ করেছেন। গবেষণাটি পরিচালিত হয়েছে ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীতে। নদীর পানি, পলি ও ছয় প্রজাতির জলজ পতঙ্গ পরীক্ষা করে দেখা যায়, এরা উল্লেখযোগ্য হারে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করেছে। এটি শুধু তাদেরই নয়, পুরো খাদ্য শৃঙ্খলের জন্যও হুমকিস্বরূপ।
গবেষণায় দেখা গেছে, নদীর প্রতি লিটার পানিতে গড়ে ১৪৩টি এবং প্রতি কেজি পলিতে প্রায় ৩০ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে Diplonychus rusticus নামক এক প্রজাতির দেহে (প্রতি গ্রামে প্রায় ৫৮টি কণা)। এই কণাগুলোর রঙ, আকার ও গঠন পানি ও পলিতে পাওয়া কণার সঙ্গেই মিলে গেছে। অর্থাৎ, পতঙ্গেরা সরাসরি নদী থেকেই এসব কণা গ্রহণ করছে এবং পরবর্তীতে সেগুলো খাদ্য শৃঙ্খলে ছড়িয়ে পড়ছে।
এই মাইক্রোপ্লাস্টিকগুলোর মধ্যে রয়েছে আটটি ভিন্ন ধরনের পলিমার—HDPE, PVC, PS, Nylon সহ আরও কিছু, যেগুলো সাধারণত ব্যবহার হয় প্যাকেজিং, কাপড়, খেলনা বা প্রসাধন সামগ্রীতে। গবেষকরা দেখতে পেয়েছেন যে পাতলা ফাইবারজাত প্লাস্টিকই সবচেয়ে বেশি পরিমাণে পতঙ্গের দেহে প্রবেশ করছে। এসব ছোট (<০.৫ মিলিমিটার) কণা সহজেই পতঙ্গের হজমনালিতে ঢুকে পড়তে পারে, খাদ্যের মতোই।
এদের খাদ্যাভ্যাস, ওজন, দৈর্ঘ্য এমনকি পরিবেশে বসবাসের ধরন – সবই মাইক্রোপ্লাস্টিক গ্রহণে ভূমিকা রাখছে। শিকারি প্রকৃতির পতঙ্গদের দেহে বেশি কণা পাওয়া গেছে, কারণ তারা ছোট মাছ, জলজ লার্ভা ইত্যাদি খায়, যারা নিজেরাও প্লাস্টিক দূষণের শিকার।
গবেষণাটি আরও জানায় যে ধলেশ্বরী নদীর পানি ও পলি এখন “মধ্যম ঝুঁকির” অবস্থায় রয়েছে, কিন্তু পলিমার হ্যাজার্ড সূচক অনুযায়ী ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ স্তরে পৌঁছে গেছে। অর্থাৎ, এই দূষণ শুধু জলজ প্রাণী নয়, মানব স্বাস্থ্যের জন্যও পরোক্ষ হুমকি হয়ে উঠছে।
এই গবেষণার ফলাফল আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়: নদীর পানি শুধু দূষিতই নয়, তা একটি চলমান পরিবেশগত বিপদের বাহক। আর জলজ পতঙ্গেরা, যাদের আমরা হয়তো তেমন গুরুত্ব দিই না, তারা আসলে পরিবেশ দূষণের নিখুঁত সূচক।
বাংলাদেশে এখন সময় এসেছে মাইক্রোপ্লাস্টিক দূষণকে গুরুত্ব দিয়ে দেখা, নীতিমালায় তার প্রতিফলন ঘটানো এবং নদীভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণের দিকে নজর দেওয়া।
———
Aquatic insects as mediator for microplastics pollution in a river ecosystem of Bangladesh. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-88024-1
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


