একটি গবেষণায় দেখা গেছে, হাসপাতালে সংক্রমণের জন্য পরিচিত একটি ব্যাকটেরিয়া প্রজাতি প্লাস্টিক ভাঙতে সক্ষম। এই গবেষণাপত্রটি গত ৭ মে, ২০২৫ এ Cell Reports জার্নালে প্রকাশিত হয়েছে।
যুক্তরাজ্যের গবেষকেরা Pseudomonas aeruginosa নামের একটি ব্যাকটেরিয়া প্রজাতির একটি স্ট্রেইন-এর মধ্যে একধরনের এনজাইম খুঁজে পেয়েছেন, যার নাম দিয়েছেন Pap1। এই ব্যাকটেরিয়াটি এক রোগীর ক্ষত থেকে সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা যায়, এই এনজাইমটি polycaprolactone (PCL) নামক একটি প্লাস্টিক ভেঙে ফেলতে পারে। PCL সাধারণত স্বাস্থ্যখাতে ব্যবহৃত হওয়া এক ধরনের প্লাস্টিক। এই প্লাস্টিকে বায়োডেগ্রেডেবল বৈশিষ্ট্য বিদ্যমান।
গবেষক রোনান ম্যাকার্থি বলেন, এতদিন পর্যন্ত শুধুমাত্র পরিবেশে থাকা ব্যাকটেরিয়াতেই প্লাস্টিক ভাঙার এনজাইম পাওয়া যেত। এখন হাসপাতালের পরিবেশে প্রচলিত প্যাথোজেনে এটি পাওয়া গেলে, বোঝা যায় কেন এই জীবাণুগুলো সেখানে দীর্ঘদিন টিকে থাকতে পারে। তিনি আরও বলেন, “যদি কোনো প্যাথোজেন প্লাস্টিক ভাঙতে পারে, তবে তা সেলাইয়ের সুতা, ইমপ্লান্ট, স্টেন্ট বা ক্ষত ঢাকার উপকরণগুলোর মতো প্লাস্টিকযুক্ত চিকিৎসা সরঞ্জাম নষ্ট করতে পারে, যা রোগীর সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।”
এনজাইমের পরীক্ষা ও প্রভাব
গবেষণায় ম্যাকার্থি এবং তাঁর দল Pap1 এনজাইমের জিনটি Escherichia coli ব্যাকটেরিয়াতে প্রতিস্থাপন করেন। তখন দেখা যায়, সেই ব্যাকটেরিয়া PCL প্লাস্টিক ভেঙে ফেলতে পারে। ক্ষত থেকে সংগৃহীত P. aeruginosa-ও একইভাবে PCL ভেঙে ফেলে। তবে যখন তারা Pap1 এনজাইমের জিন মুছে ফেলে সেই ব্যাকটেরিয়াতে মিউটেশন ঘটান, তখন ব্যাকটেরিয়াটি আর প্লাস্টিক ভাঙতে পারেনি।
গবেষকেরা আরও দেখেছেন, এই এনজাইম ব্যাকটেরিয়ার বায়োফিল্ম তৈরির পরিমাণ বাড়িয়ে তোলে, যদি ব্যাকটেরিয়াটি প্লাস্টিকের সংস্পর্শে আসে। বায়োফিল্ম যত বেশি, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও তত বেশি—ফলে এর চিকিৎসাও কঠিন হয়ে পড়ে।
তারা আরও পরীক্ষা করেন মথের লার্ভা (Galleria mellonella) ব্যবহার করে। দেখা যায়, যখন শরীরে PCL ইমপ্লান্ট থাকে, তখন ব্যাকটেরিয়াটি বেশি ক্ষতিকর হয়ে ওঠে। তবে যদি ব্যাকটেরিয়ায় Pap1 এনজাইম না থাকে, তাহলে ইমপ্লান্ট থাকুক বা না থাকুক, মথের বেঁচে থাকার হার একই রকম ছিল।
ভবিষ্যতের হুমকি
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির গবেষক স্টিভেন জর্ডজেভিচ বলেন, এই গবেষণাটি P. aeruginosa এবং ESKAPEE নামে পরিচিত ছয়টি অতি-সংক্রামক ব্যাকটেরিয়ার হুমকি সম্পর্কে আমাদের সচেতন করে। তিনি বলেন, “এই জীবাণুগুলো হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে দীর্ঘদিন টিকে থাকে এবং অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে।” গবেষণায় আভাস মিলেছে, এই ESKAPEE জীবাণুগুলোর আরও অনেকগুলো প্লাস্টিক ভাঙার ক্ষমতা থাকতে পারে—যা স্বাস্থ্যব্যবস্থার জন্য চিন্তার বিষয়।
ম্যাকার্থি বলেন, এখন তাঁরা এমন পরীক্ষার পদ্ধতি তৈরি করছেন যা এই ধরনের প্যাথোজেনের প্লাস্টিক ভাঙার ক্ষমতা শনাক্ত করতে পারবে।
———
Pseudomonas aeruginosa clinical isolates can encode functional plastic-degrading enzymes that allow survival on plastic and augment biofilm formation., Cell Reports (2025).
DOI: 10.1016/j.celrep.2025.115650
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


