হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি (IfA)-এর জ্যোতির্বিজ্ঞানীরা এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী মহাজাগতিক বিস্ফোরণের খোঁজ পেয়েছেন। তারা এই নতুন ধরনের ঘটনাকে নাম দিয়েছেন “এক্সট্রিম নিউক্লিয়ার ট্রানজিয়েন্টস” (ENTs)। এই বিস্ময়কর ঘটনা ঘটে যখন সূর্যের চেয়ে অন্তত তিনগুণ ভারী নক্ষত্র এক বিশাল ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে গিয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞ থেকে নির্গত হয় বিপুল পরিমাণ শক্তি, যা অনেক দূর থেকেও দৃশ্যমান হয়।
গবেষণার প্রধান জেসন হিঙ্কল, বলেন, “আমরা গত এক দশক ধরে নক্ষত্রদের ছিন্নবিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ টাইডাল ডিসরাপশন ইভেন্ট (TDE) পর্যবেক্ষণ করছি, কিন্তু ENTs একেবারেই আলাদা। এগুলোর উজ্জ্বলতা সাধারণ TDE-এর চেয়ে প্রায় দশগুণ বেশি। শুধু যে ENTs অনেক বেশি উজ্জ্বল, তা-ই নয়—তারা বছরের পর বছর ধরে উজ্জ্বল থেকে যায়, এমনকি সবচেয়ে উজ্জ্বল সুপারনোভার শক্তিকেও ছাড়িয়ে যায়।”
এই ENTs-এর উজ্জ্বলতা ও শক্তি নজিরবিহীন। এখন পর্যন্ত পর্যবেক্ষণকৃত সবচেয়ে শক্তিশালী ENT (যার নাম Gaia18cdj) সবচেয়ে শক্তিশালী সুপারনোভার তুলনায় ২৫ গুণ বেশি শক্তি নিঃসরণ করেছে। যেখানে একটি সাধারণ সুপারনোভা এক বছরে সূর্যের ১০ বিলিয়ন বছরের সমান শক্তি ছড়ায়, সেখানে একটি ENT মাত্র এক বছরেই ১০০টি সূর্যের সমান শক্তি বিকিরণ করে।
ক্রেডিট: W. M. Keck Observatory/Adam Makarenko
এই ENTs প্রথম নজরে আসে যখন হিঙ্কল বিভিন্ন পাবলিক ট্রানজিয়েন্ট সার্ভের তথ্য খুঁজে দেখছিলেন দীর্ঘস্থায়ী ফ্লেয়ার খুঁজে পাবার জন্য, যেগুলো গ্যালাক্সির কেন্দ্র থেকে আসছিল। ইউরোপীয় স্পেস এজেন্সির Gaia মিশনের তথ্য ঘেঁটে তিনি দুটি অস্বাভাবিক ফ্লেয়ার শনাক্ত করেন, যেগুলো অনেক দীর্ঘ সময় ধরে উজ্জ্বল ছিল এবং প্রচলিত ট্রানজিয়েন্টের সাধারণ বৈশিষ্ট্য সাথে মিল ছিল না।
এই আবিষ্কারের পর শুরু হয় বহু বছরের অনুসন্ধান। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের Asteroid Terrestrial-impact Last Alert System, W. M. Keck Observatory, এবং বিশ্বের বিভিন্ন টেলিস্কোপের সহায়তায় গবেষক দলটি ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বিভিন্ন অংশে তথ্য সংগ্রহ করে। কারণ ENTs ধীরে ধীরে বিকশিত হয়, ফলে পুরো ঘটনাটি বুঝতে ধৈর্য ও দীর্ঘ সময় লেগেছে।
সম্প্রতি, Zwicky Transient Facility আরও একটি একই ধরনের ঘটনা আবিষ্কার করেছে, যা স্বাধীনভাবে দুটি গবেষক দল রিপোর্ট করেছে। এটি প্রমাণ করে যে ENTs একটি স্বতন্ত্র নতুন শ্রেণির এক্সট্রিম জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।
গবেষকরা নিশ্চিত করেছেন, এই ENTs কোনো সুপারনোভা নয়, কারণ এরা যেকোনো পরিচিত নক্ষত্র বিস্ফোরণের তুলনায় অনেক বেশি শক্তি ছাড়ে। তাদের দীর্ঘস্থায়ী ও মসৃণ আলো বিকিরণ দেখে গবেষকরা মনে করেন, এগুলোর মূল কারণ একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে ধীরে ধীরে একটি ধ্বংসপ্রাপ্ত নক্ষত্র পতিত হওয়া, অর্থাৎ accretion।
তবে, ENTs-র আচরণ সাধারণ accretion-এর থেকে আলাদা। সাধারণ ব্ল্যাক হোল accretion-এ উজ্জ্বলতার ওঠানামা অনিয়মিত ও পূর্বানুমানহীন হয়। কিন্তু ENTs-র আলো মসৃণ এবং দীর্ঘস্থায়ী, যা একটি ভিন্ন ধরনের পদার্থবিজ্ঞান নির্দেশ করে অর্থাৎ একটি ধ্বংসপ্রাপ্ত তারার ধীরে ধীরে ব্ল্যাক হোলে পতন।
ক্রেডিট: University of Hawai’i
IfA-র সহযোগী অধ্যাপক ও গবেষণার সহ-লেখক বেনজামিন শ্যাপি বলেন, “ENTs আমাদের সুদূর গ্যালাক্সিগুলোর বিশাল ব্ল্যাক হোলগুলো অধ্যয়নের এক নতুন দারুণ হাতিয়ার দেয়। কারণ এরা এতটাই উজ্জ্বল যে মহাকাশের বিশাল দূরত্ব থেকেও দেখা যায়—আর জ্যোতির্বিজ্ঞানে দূরে দেখা মানেই অনেক আগের সময়ে দেখা।”
“এই দীর্ঘস্থায়ী আলো আমাদের জানায়, যখন মহাবিশ্ব তার বর্তমান বয়সের অর্ধেক ছিল, তখন ব্ল্যাক হোলগুলো কীভাবে বাড়ছিল। তখনকার গ্যালাক্সিগুলো ছিল বিশাল তারকা গঠনের কেন্দ্র এবং ব্ল্যাক হোলগুলোকে খাওয়াচ্ছিল বর্তমানের তুলনায় ১০ গুণ বেশি হারে।”
তবে ENTs অত্যন্ত বিরল ঘটনা—প্রতি ১০ মিলিয়নে মাত্র একটি, যা সুপারনোভার চেয়ে অনেক কম। তাই এদের শনাক্ত করা কঠিন এবং টানা মহাবিশ্ব পর্যবেক্ষণের উপর নির্ভর করে। ভবিষ্যতের Vera C. Rubin Observatory এবং NASA-এর Roman Space Telescope এর মতো পর্যবেক্ষণাগারগুলো আরও অনেক ENTs খুঁজে পাবে, যা আমাদের ব্ল্যাক হোল কার্যকলাপ এবং প্রাচীন মহাবিশ্ব সম্পর্কে ধারণা বদলে দেবে।
হিঙ্কল বলেন, “এই ENTs শুধু একটি বিশাল তারকার নাটকীয় মৃত্যু নয়। তারা এমন এক প্রক্রিয়া উদঘাটন করে, যা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোলগুলোকে গড়ে তুলতে সাহায্য করেছে।”
———
The Most Energetic Transients: Tidal Disruptions of High Mass Stars, Science Advances (2025).
DOI: 10.1126/sciadv.adt0074
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।




