বিজ্ঞানীরা ডিএনএ কম্পিউটার চালানোর জন্য নতুন এক শক্তির উৎস খুঁজে পেয়েছেন। আর সেটা হচ্চে তাপ। সাধারণ সিলিকন চিপের বদলে ডিএনএ-এর জৈব রাসায়নিক বৈশিষ্ট্য ব্যবহার করে হিসাব-নিকাশ করা এই ক্ষুদ্র জৈবিক যন্ত্রগুলো আগে শক্তি সমস্যায় ভুগছিল। জীবন্ত কোষে যেমন এডিনোসিন ট্রাইফসফেট (ATP) নির্ভরযোগ্য শক্তি দেয়, কিংবা ইলেকট্রিসিটি আমাদের দৈনন্দিন যন্ত্র চালায়, ঠিক তেমন স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছিল না।
১ অক্টোবর, ২০২৫ Nature জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ডিএনএ সার্কিটকে গরম–ঠান্ডা করার মাধ্যমে চার্জ ও রিচার্জ করা সম্ভব। অর্থাৎ, তাপ একদিন এই কৃত্রিম অণু-যন্ত্রের “রিচার্জিং স্টেশন” হয়ে উঠতে পারে। গবেষক লুলু কিয়ান (ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি) বলেন, “যেমন স্বয়ংক্রিয় গাড়ি নিজে নিজে চার্জিং স্টেশনে ঢুকে পড়ে, একদিন হয়তো অণুগুলোও নিজেরাই তাপ থেকে শক্তি নিয়ে আবার সক্রিয় হয়ে উঠবে।”
কীভাবে কাজ করে
ডিএনএ কম্পিউটার ধারণা প্রথম আসে ১৯৯৪ সালে। টেকসই বিকল্প হিসেবে এটি ইলেকট্রনিক স্টোরেজের জায়গা নিতে পারে বলে আশা করা হয়। শক্তির উৎস খুঁজতে গিয়ে গবেষকরা আগে এটিপি অণু কিংবা থার্মাল সাইক্লিং ব্যবহার করেছিলেন। কিন্তু এসব পদ্ধতি জটিল ও অস্থিতিশীল ছিল। কিয়ান ও তার দল এবার সরাসরি তাপকে শক্তি হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেছেন।
তারা ডিএনএ অণুর মধ্যে অস্থিতিশীল সংযোগ তৈরি করেন। উচ্চ তাপে অণুগুলো সিঙ্গল-স্ট্র্যান্ডে পরিণত হয়, আর ঠান্ডা হলে আবার আগের অবস্থায় ফিরে আসে। গরম–ঠান্ডা করার এই প্রক্রিয়ায় ডিএনএ সার্কিটকে বারবার চার্জ দেওয়া যায়, প্রায় ব্যাটারির মতো, তবে কোনো বর্জ্য শক্তি অবশিষ্ট থাকে না।
এই পদ্ধতিতে এক পরীক্ষায় তারা ২০০-এরও বেশি অণু জড়িত একটি ডিএনএ কম্পিউটারকে অন্তত ১৬ বার সফলভাবে গণনা সম্পন্ন করাতে সক্ষম হয়েছেন।
গবেষকদের মতামত
নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের জীববৈজ্ঞানিক কম্পিউটিং ইঞ্জিনিয়ার নাটালিও ক্রাসনোগর মনে করেন, এটি শক্তির উৎস খোঁজার প্রচলিত ধারণার বাইরে হলেও অত্যন্ত কার্যকর। তিনি বলেন, “এটা একধরনের সহজ অন–অফ সুইচের মতো।” তবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক রস কিং মনে করেন, এটিপি অণু ব্যবহার করলে জীবিত প্রাণীর শক্তি-প্রক্রিয়ার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হতো।
লুলু কিয়ান আশাবাদী, আজ যা কেবল কল্পনার মতো মনে হচ্ছে, তা ভবিষ্যতে বাস্তবে রূপ নিতে পারে। যদিও বিশেষজ্ঞদের মতে, শুধু তাপই সমাধান নয়, ভবিষ্যতে ডিএনএ কম্পিউটিং চালাতে আরও বিকল্প শক্তির উৎস সামনে আসবে।
———
Heat-rechargeable computation in DNA logic circuits and neural networks. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09570-2
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


