ঢাকা শহর আজ বিশ্বের অন্যতম দূষিত ও কোলাহলপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। সম্প্রতি Scientific Reports জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে ঢাকার বাতাসের সূক্ষ্ম কণা দূষণ (PM2.5), ব্ল্যাক কার্বন (BC) এবং শব্দদূষণের মাত্রা নিয়ে এক বিস্তৃত জরিপ তুলে ধরা হয়েছে। ফলাফল বলছে, ঢাকার প্রতিটি এলাকাই আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকার সীমা অতিক্রম করছে, ফলে নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।
গবেষণায় ২০২৩ সালের শুষ্ক মৌসুম (জানুয়ারি–মার্চ) ও বর্ষা মৌসুমে (জুলাই–সেপ্টেম্বর) ঢাকার ৭০টি স্থানে ১৭ লক্ষ মিনিটেরও বেশি সময় ধরে বাতাসের মান এবং ১২ লক্ষ মিনিটেরও বেশি সময় ধরে শব্দমাত্রা রেকর্ড করা হয়। দেখা গেছে, শুষ্ক মৌসুমে বাতাসের দূষণ চার গুণ বেশি, বিশেষ করে বাণিজ্যিক ও শিল্প এলাকায় এবং যানবাহন চলাচলের করিডরে। রাতের বেলায় এই দূষণ আরও তীব্র হয়, যা বাতাসে স্থবিরতার কারণে সহজে ছড়ায় না। অন্যদিকে শব্দ দূষণ সারাবছরই উচ্চমাত্রায় থাকে—পরিবহন করিডর, বাজার ও মিশ্র বাণিজ্যিক এলাকায় এর মাত্রা সবচেয়ে বেশি।
সংখ্যার দিক থেকে দেখা যায়, ঢাকার গড় PM2.5 মাত্রা শুষ্ক মৌসুমে প্রায় ১৯৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত সীমার (১৫ µg/m³) ১৩ গুণ। এমনকি সবুজ বা খোলা স্থানেও গড় দূষণ সীমার বহু গুণ বেশি পাওয়া গেছে। শব্দ দূষণের ক্ষেত্রেও একই চিত্র: আবাসিক এলাকায় গড়ে ৬১ ডেসিবেল ধরা পড়েছে, যেখানে অনুমোদিত সীমা ৫৫। পরিবহন করিডরে শব্দের মাত্রা পৌঁছেছে ৭০–৮৪ ডেসিবেল পর্যন্ত, যা স্বাস্থ্যঝুঁকির জন্য মারাত্মক।
সুত্র: Martha Lee et al./Scientific Reports
গবেষণায় বিশেষভাবে চিহ্নিত হয়েছে দক্ষিণ ঢাকার শিল্পঘেরা শ্যাম্পুর এলাকা, যেখানে বাতাসে PM2.5 এর মাত্রা দিনে ১১০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার পর্যন্ত উঠে গেছে। এটি পুরো গবেষণায় সর্বোচ্চ রেকর্ড, যা স্থানীয় প্রায় দুই লাখ মানুষের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি নির্দেশ করে। অন্যদিকে কুড়িল, নীলক্ষেত ও রাজলক্ষ্মীর মতো ব্যস্ত বাজার ও সড়কগুলোতে শব্দ ও বায়ুদূষণ একসাথে বেশি পাওয়া গেছে।
গবেষকরা বলছেন, ঢাকার দূষণের উৎস মূলত যানবাহন, ইটভাটা, নির্মাণকাজ ও শিল্পকারখানা। শব্দ দূষণের উৎস হলো ট্রাফিক, ব্যবসা-বাণিজ্য এবং প্রতিদিনের নামাজের আজান। পরিস্থিতি মোকাবিলায় কঠোর যানবাহন নির্গমন মানদণ্ড, শব্দ নিয়ন্ত্রণ, গণপরিবহন উন্নয়ন, এবং বিশেষত শিল্পাঞ্চলে প্রযুক্তি আধুনিকায়নের পরামর্শ দেওয়া হয়েছে।
———
Spatiotemporal patterns in air pollution and sound in Dhaka, Bangladesh. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-12815-9
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।



