বড় মাপের ওষুধ আর নতুন উপকরণ খোঁজা রসায়নবিদদের জন্য কঠিন কাজ। সম্ভাবনাময় যৌগ বানাতে লক্ষ লক্ষ রাসায়নিক বিক্রিয়া ঘেঁটে দেখতে হয়। এদিকে প্রতি বছর আরও হাজার হাজার নতুন বিক্রিয়া যোগ হয়। এরপর পরীক্ষা করে দেখতে হয় যৌগটি তৈরি করা আদৌ সম্ভব কি না।
এই জটিল প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে গবেষকেরা তৈরি করেছেন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা, যার নাম MOSAIC। ১৯ জানুয়ারি ২০২৫ Nature জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম এমন বিক্রিয়া শর্ত প্রস্তাব করেছে, যার মাধ্যমে গবেষকেরা ৩৫টি নতুন যৌগ তৈরি করেছেন। এসব যৌগ ভবিষ্যতে ওষুধ, কৃষি রাসায়নিক বা কসমেটিক পণ্যে ব্যবহারযোগ্য হতে পারে। আলাদা করে বিশাল ডেটাবেস ঘেঁটে দেখার প্রয়োজন পড়েনি।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ ও গবেষণার সহলেখক টিমোথি নিউহাউস বলেন, ছোট অণু সংশ্লেষই ওষুধ আবিষ্কারের সবচেয়ে ধীরগতির ধাপ। MOSAIC এই বাধা দূর করতে পারে, ফলে দ্রুত এবং উন্নত মানের পণ্য তৈরি সম্ভব হবে। এই সিস্টেম এমন পর্যায়ক্রমিক ল্যাব নির্দেশনা তৈরি করে, যা অনুসরণ করে আগে অস্তিত্বহীন অণুও বানানো যায়।
রাসায়নিক বিক্রিয়ার শর্ত নির্ধারণে AI ব্যবহার দীর্ঘদিনের লক্ষ্য। এ ক্ষেত্রে পরিচিত একটি টুল হলো IBM এর RXN for Chemistry, যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এটি SMILES নামের এক পদ্ধতি ব্যবহার করে, যেখানে ত্রিমাত্রিক অণুর গঠন অক্ষর, সংখ্যা আর চিহ্নে রূপান্তর করা হয়। এতে কম্পিউটার সহজে তথ্য বিশ্লেষণ করতে পারে।
MOSAIC এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে গেছে। গবেষকেরা প্রায় ১০ লক্ষ বিক্রিয়ার ডেটাবেজকে ২,২৮৫টি দলে ভাগ করেন। এরপর Meta এর Llama ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে তৈরি করা হয় ২,৪৯৮টি স্পেশালাইজড মডেল। প্রতিটি মডেল নির্দিষ্ট ধরনের রাসায়নিক রূপান্তরে দক্ষ। বড় মডেলের বদলে ছোট ও বিশেষায়িত মডেল ব্যবহারের ফলে নির্ভুলতা বাড়ে এবং সাধারণ কনফিগারেশনের কম্পিউটারেই কাজ চালানো যায়।
নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্টিন সাইফ্রিড বলেন, MOSAIC বড় মডেলের ওপর নির্ভর না করে ছোট স্পেশালাইজড মডেলের সমন্বয়ে কাজ করে। এতে প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে বেশি সঠিক ফলাফল দেয়।
MOSAIC ব্যবহার করে গবেষকেরা ৫২টি নতুন যৌগ তৈরির শর্ত প্রস্তাব পান। ল্যাবে পরীক্ষা করে ৩৫টি যৌগ সফলভাবে তৈরি করা যায়। সিস্টেমটি যৌগগুলোর রং ও গঠনও সঠিকভাবে অনুমান করেছে।
এ ছাড়া, MOSAIC এমন বিক্রিয়ার শর্তও দিয়েছে, যা ট্রেইনিং ডেটায় ছিল না। এতে নতুন উপায়ে azaindole নামের এক ধরনের অণু তৈরি সম্ভব হয়েছে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের দলটি মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানি Boehringer Ingelheim এর সঙ্গে কাজ করেছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এই সিস্টেমটি ব্যবহার করা শুরু করেছে। গবেষক ভিক্টর বাতিস্তা বলেন, নতুন সংশ্লেষণের পথ ডিজাইন করে ধাপ কমানো গেলে বিপুল খরচ বাঁচবে। MOSAIC ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত করা হয়েছে, ফলে যে কেউ বিনামূল্যে এটিকে ব্যবহার করতে পারবে।
চীনের গবেষক কুয়াংবিয়াও লিয়াও বলেন, এই স্পেশালাইজড কাঠামো AI সহায়তায় রসায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি ভবিষ্যদ্বাণী থেকে সিদ্ধান্ত গ্রহণে AI কে এগিয়ে নিয়ে গেছে। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জেনোফন ইভানজেলোপোলাস বলেন, MOSAIC বৈশ্বিক রাসায়নিক জ্ঞান কাজে লাগানোর এক নতুন মডেল তৈরি করেছে।
———
Collective intelligence for AI-assisted chemical synthesis. Nature (2026).
DOI: 10.1038/s41586-026-10131-4
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


