মহাকাশে পাঠানো চীনের ‘তিয়ানগং’ স্পেস স্টেশনে অবস্থানরত বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক অণুজীব প্রজাতি আবিষ্কার করেছেন, যা পৃথিবীর বাইরের কঠিন ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার অভাবনীয় ক্ষমতা রাখে। নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়ার নাম রাখা হয়েছে Niallia tiangongensis।
চীনের মহাকাশ গবেষণা সংস্থা China Manned Space Agency (CMSA) জানিয়েছে, মহাকাশ অভিযানে জীববৈচিত্র্যের অভিযোজন পর্যবেক্ষণের অংশ হিসেবে এই নতুন ব্যাকটেরিয়া বা অণুজীব শনাক্ত করেন বিজ্ঞানীরা। যাকে তারা এক যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করছেন।
আসলে গত ২০২৩ সালের মে মাসে শেনঝো-১৫ (Shenzhou-15) মহাকাশ অভিযানে পাঠানো নভোচারীরা তিয়ানগং স্টেশন থেকে বিভিন্ন পরিবেশগত নমুনা সংগ্রহ করেন। পরবর্তীতে সেগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অণুজীবটির জিনতাত্ত্বিক গঠন ও প্রজাতিগত বৈশিষ্ট্য যাচাই করে নিশ্চিত হন যে এটি হচ্ছে একটি একেবারে নতুন ব্যাকটেরিয়া প্রজাতি।
বিজ্ঞানীদের মতে, এই অণুজীবটি মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি, অতিবেগুনি বিকিরণ এবং চরম তাপমাত্রার মতো কঠিন পরিবেশেও সক্রিয়ভাবে বেঁচে থাকতে সক্ষম। এটি প্রাণের অভিযোজন, বিকিরণ সহনশীলতা এবং জীবনের উৎস অনুসন্ধানে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
চীনা গবেষকরা আশা করছেন, Niallia tiangongensis ব্যাকটেরিয়াটির এমন কিছুজিনগত বৈশিষ্ট্য বহন করে, যা মহাকাশ কৃষি, জৈবপ্রযুক্তি ও ভবিষ্যতের মহাকাশ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উদাহরণস্বরূপ, এমন অণুজীবের মাধ্যমে মঙ্গল বা চাঁদের মতো গ্রহে কৃষিজীব ও প্রাকৃতিক সার তৈরির ধারণা বাস্তবায়ন করা যেতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা।
তিয়াংন স্পেস স্টেশনে এই ব্যাকটেরিয়া বা অণুজীব আবিষ্কারের মধ্য দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, চীন শুধু কক্ষপথে মহাকাশ স্টেশন গড়ে তুলেই থেমে নেই, বরং সেখানে উচ্চমানের মৌলিক বৈজ্ঞানিক গবেষণাও চালিয়ে যাচ্ছে চীন। যার ফলশ্রুতিতে জীববিজ্ঞানে ঘটছে যুগান্তকারী অগ্রগতি এবং নতুন নতুন আবিষ্কার।
পরিশেষে বলা যায় যে, চীনের তিয়ানগং স্টেশনে সংগৃহীত এই জীবাণু-ভিত্তিক গবেষণা ভবিষ্যতে আমাদের পৃথিবীর বাইরের পরিবেশে জীবন ধারণের সম্ভাবনা ও প্রস্তুতির ক্ষেত্রে হয়ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর এ ধরনের নতুন আবিষ্কার মানবজাতির মহাকাশ অভিযান ও গবেষণার পথে যে বাস্তবসম্মত প্রস্তুতি প্রয়োজন—তার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হতে পারে।
———
Niallia tiangongensis sp. nov., isolated from the China Space Station. International Journal of Systematic and Evolutionary Microbiology (2025).
DOI: 10.1099/ijsem.0.006693
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


