হাবল স্পেস টেলিস্কোপের ১১ বছরের পর্যবেক্ষণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ইউরেনাসে একদিনের দৈর্ঘ্য ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ৫২ সেকেন্ড। এটি নাসার ভয়েজার ২ মহাকাশযানের ১৯৮৬ সালের অনুমান থেকে ২৮ সেকেন্ড বেশি। ২০২৫ সালের ৭ এপ্রিল Nature Astronomy জার্নালে এই আপডেটেড হিসাব সম্বলিত গবেষনাপত্রটি প্রকাশিত হয়েছে।
প্রায় ৪০ বছর আগে, ভয়েজার ২ প্রথম মহাকাশযান হিসেবে ইউরেনাসকে কাছ থেকে পর্যবেক্ষণ করে। তখন মহাকাশযানটির সংগৃহীত রেডিও সংকেত এবং চৌম্বক ক্ষেত্রের ডেটা বিশ্লেষণ করে জ্যোতির্বিদরা ইউরেনাসের একদিনের দৈর্ঘ্য নির্ধারণ করেন প্রায় ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ২৪ সেকেন্ড।
এই ঘূর্ণনকাল ব্যবহার করে বিজ্ঞানীরা ইউরেনাসের জন্য একটি স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করেন। তবে সেই হিসাবের মধ্যে প্রায় ৩৬ সেকেন্ডের অনিশ্চয়তা ছিল, যা প্রতিটি ইউরেনাসিয়ান দিনে ধীরে ধীরে জমতে থাকে। কয়েক বছরের মধ্যেই সেই অনিশ্চয়তা এত বেড়ে যায় যে, গ্রহটির চৌম্বকীয় অক্ষের নির্ভুল অবস্থান নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়ে।
এই সমস্যার সমাধানে, নতুন গবেষণার গবেষকরা ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে হাবল টেলিস্কোপের ছয়টি পর্যবেক্ষণ সেট ব্যবহার করে ইউরেনাসের চৌম্বক মেরুতে থাকা অরোরার গতিবিধি ট্র্যাক করেন। এর মাধ্যমে তারা গ্রহটির চৌম্বক মেরুর অবস্থান আরও নিখুঁতভাবে নির্ধারণ করতে সক্ষম হন এবং সেখান থেকে ইউরেনাসের ঘূর্ণনকাল আরও নির্ভুলভাবে হিসাব করতে পারেন। গবেষণা দলের মতে, নতুন এই পরিমাপের অনিশ্চয়তা মাত্র ০.০৪ সেকেন্ডেরও কম।
এই ২৮ সেকেন্ডের পার্থক্য ভয়েজার ২-এর অনুমানের ভুল সীমার মধ্যেই পড়ে, তবে নতুন হিসাবটি অনেক বেশি নির্ভরযোগ্য।
গবেষক দলের মতে, এই কম অনিশ্চয়তাসম্পন্ন নতুন স্থানাঙ্ক ব্যবস্থা আগামী কয়েক দশক পর্যন্ত কার্যকর থাকবে। ভবিষ্যতের ইউরেনাস মিশন (যেমন প্রস্তাবিত Uranus Orbiter and Probe) এই স্থানাঙ্ক ব্যবস্থার ওপর ভিত্তি করেই বায়ুমণ্ডলে প্রবেশের স্থান নির্ধারণ করতে পারবে।
———
A new rotation period and longitude system for Uranus. Nat Astron (2025).
DOI: 10.1038/s41550-025-02492-z
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


