ডোপামিন হলো মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক বার্তাবাহক। এটি আমাদের শেখার ক্ষমতা, মনোযোগ ধরে রাখা এবং লক্ষ্য অর্জনের প্রেরণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনেকেই ডোপামিনকে “সুখের রাসায়নিক” বলে ভাবেন, কিন্তু আসলে ডোপামিন সরাসরি সুখের অনুভূতির জন্য দায়ী নয়। একে বরং এমন একটি রাসায়নিক হিসেবে ভাবা ভালো যা আমাদের সেই সুখ বা সন্তুষ্টির অনুভূতি অর্জনের পথে ঠেলে দেয়। ধরুন, আপনি যখন কোনো প্রিয় কাজ করছেন (প্রিয় বই পড়ছেন বা প্রিয় খাবার খাচ্ছেন) তখন আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে। এর ফলে আপনি সেই কাজটি চালিয়ে যেতে আরও উৎসাহিত হন। ডোপামিন আমাদের মনোযোগকে বর্তমান কাজে কেন্দ্রীভূত করে এবং পরিকল্পনাগুলোকে সুসংগঠিত করতে সাহায্য করে। এমনকি কোনো কাজ শেষ করতে হলে কী কী ধাপ নিতে হবে, তা পরিকল্পনা করতেও এ রাসায়নিক ভূমিকা রাখে।
ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, যার কাজ এক স্নায়ুকোষ (নিউরন) থেকে আরেক স্নায়ুকোষে সংকেত পাঠানো। নিউরনগুলোর মাঝের ফাঁক বা সংযোগস্থলকে বলা হয় ‘সিন্যাপস’। যখন কোনো সংকেত প্রেরণের প্রয়োজন হয়, তখন ডোপামিন সিন্যাপসের মধ্য দিয়ে পার হয়ে পরবর্তী নিউরনকে উদ্দীপ্ত করে। এই সংবেদনশীল প্রক্রিয়াই মস্তিষ্কের চিন্তা, আবেগ এবং চলাচল নিয়ন্ত্রণের ভিত্তি।
বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, কিছু শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে ডোপামিনের ঘাটতির সরাসরি সম্পর্ক রয়েছে। ADHD (Attention-Deficit Hyperactivity Disorder) তার একটি উদাহরণ। এই রোগে আক্রান্তদের মস্তিষ্কে কম মাত্রায় ডোপামিন নিঃসৃত হয়। ফলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে এবং অস্থিরতা তৈরি হয়। এই পরিস্থিতিতে নির্দিষ্ট ওষুধের মাধ্যমে ডোপামিনের মাত্রা নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়। তবে ডোপামিন বাড়ানোর ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ অতিরিক্ত ডোপামিন মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে, যা নতুন সমস্যার জন্ম দিতে পারে।
অনুরূপভাবে, হেরোইন বা কোকেনের মতো অবৈধ মাদক দ্রব্য মস্তিষ্কে অস্বাভাবিক হারে ডোপামিন নিঃসরণ ঘটায়। এ ছাড়াও জাঙ্ক ফুড খাওয়া, অতিরিক্ত ভিডিও গেম খেলা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের মতো কিছু কর্মকাণ্ডও স্বল্পমেয়াদে অতিরিক্ত ডোপামিন ছাড়াতে পারে। এধরনের অতি উত্তেজনা মস্তিষ্কে একধরনের “ইনস্ট্যান্ট রিওয়ার্ড” চক্র তৈরি করে, যা ধীরে ধীরে আসক্তির দিকে ঠেলে দেয়। তখন ব্যক্তি বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ কাজ ও সম্পর্ককে অবহেলা করে কেবলমাত্র ‘ডোপামিন বুস্ট’-এর জন্য নির্দিষ্ট কাজের প্রতি আসক্ত হয়ে পড়ে।
ডোপামিন শুধু আমাদের মানসিক উদ্দীপনাই নয়, শারীরিক চলাচলের জন্যও অত্যন্ত জরুরি। পেশির সুষ্ঠু সমন্বয় এবং চলাচলের সূক্ষ্ম নিয়ন্ত্রণে ডোপামিন ভূমিকা রাখে। তাই ডোপামিনের ঘাটতির ফলে দেখা দিতে পারে নড়াচড়ার সমস্যা। যেমন পারকিনসন’স ডিজিস (পিডি। পারকিনসন’স রোগ হলো এমন একটি স্নায়ু রোগ, যেখানে মস্তিষ্কের ডোপামিন উৎপাদনকারী কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর ফলে রোগীরা ধীরে ধীরে হাত কাঁপুনি, হাঁটার সমস্যা এবং পেশি শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গে ভোগেন। বিজ্ঞানীরা এখন ডোপামিন সরবরাহ বাড়িয়ে কিংবা বিকল্প উপায়ে এ ধরনের রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ডোপামিন শুধু মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে না, বরং শরীরেও একটি গুরুত্বপূর্ণ হরমোন হিসেবেও কাজ করে। এটি রক্ত প্রবাহে মিশে শরীরের নানা অঙ্গের সঙ্গে যোগাযোগ করে। ডোপামিন রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনিতে লবণের ভারসাম্য রক্ষা, এমনকি হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ শারীরিক কাজেও জড়িত।
ডোপামিন এমন এক অনন্য রাসায়নিক, যা আমাদের চিন্তা, আবেগ, চলাফেরা এবং সামগ্রিক স্বাস্থ্যের সাথে গভীরভাবে জড়িত। এটি কখনো আমাদের সাফল্যের পথে চালিত করে, আবার কখনো এর অতিরিক্ততা আমাদের পতনের কারণ হতে পারে। ডোপামিনের কার্যকারিতা বোঝা এবং এর ভারসাম্য রক্ষা করা তাই সুখী ও সুস্থ জীবনের এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি।
মজার বিষয় হলো, মিউজিক মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে সংবেদনশীল প্রতিক্রিয়া জাগিয়ে তুলতে পারে।
——
বিজ্ঞান কথা-র সম্পূর্ণ তালিকা দেখুন
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


