রোসাসি (Rosaceae) পরিবারভুক্ত রুবাস (Rubus) গণের অন্তর্গত ব্ল্যাকবেরি শুধু স্বাদের জন্যই নয়, এর স্বাস্থ্যগুণের জন্যও সমাদৃত। এতে থাকা অ্যান্থোসায়ানিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার একে একটি পুষ্টিগুণে ভরপুর ফল হিসেবে প্রতিষ্ঠা করেছে। এসব গুণাবলি ও ভোক্তাদের ক্রমবর্ধমান আগ্রহ গত দুই দশকে এর বাজার মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্ল্যাকবেরি হলো চতুর্থ সর্বাধিক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেরি ফসল। ২০১৭ সালেই দেশটি ১৮,০০০ মেট্রিক টনের বেশি প্রক্রিয়াজাত ও তাজা ব্ল্যাকবেরি উৎপাদন করেছে। চাহিদা মেটাতে আমদানিও বেড়েছে; ২০২১ সালে যুক্তরাষ্ট্র ১,২২,০০০ মেট্রিক টন তাজা ও ১৬,০০০ মেট্রিক টন হিমায়িত ব্ল্যাকবেরি আমদানি করেছে, যার সম্মিলিত বাজারমূল্য ছিল ৫৬২ মিলিয়ন ডলার।
বিশ্বব্যাপী ব্ল্যাকবেরি উৎপাদন বছরে ৯ লাখ মেট্রিক টন ছাড়িয়ে গেছে, যা আন্তর্জাতিক বেরি শিল্পে এর গুরুত্বপূর্ণ অবস্থান নির্দেশ করে। এই সম্প্রসারণের মূল চালিকাশক্তি হচ্ছে উন্নত স্বাদ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সংরক্ষণযোগ্যতা সম্পন্ন নতুন জাত উদ্ভাবনের ধারাবাহিক প্রচেষ্টা।
এই প্রচেষ্টায় একটি বড় সাফল্য এসেছে Horticulture Research-এ প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণা থেকে, যা পরিচালনা করেছেন ড. ঝানাও দেং। তাঁর দল একটি টেট্রাপ্লয়েড ব্ল্যাকবেরি জাত—BL1-এর সম্পূর্ণ জিনোম সফলভাবে সিকোয়েন্স করেছে। র্যাসবেরির মতো ডাইপ্লয়েড উদ্ভিদের তুলনায় BL1-এ প্রতিটি ক্রোমোজোমের চারটি করে কপি রয়েছে, যা জিনগত গবেষণাকে করে তুলেছে জটিল, তবে সম্ভাবনাময়।
“টেট্রাপ্লয়েড নিয়ে কাজ করা ডাইপ্লয়েডের তুলনায় অনেক বেশি জটিল,” বলেন ড. দেং, “তবে এই টেট্রাপ্লয়েড ব্ল্যাকবেরির জিনোম প্রকাশ ভবিষ্যতের জাত উন্নয়নে নির্ভুল ও কার্যকর পদ্ধতি তৈরি করতে সহায়ক হবে।” এই রেফারেন্স জিনোম ব্যবহার করে এখন রোগ প্রতিরোধী, উন্নত মানের ফল ও কাঁটাহীন ডাঁটা সম্পন্ন ব্ল্যাকবেরি জাত চাষ করা সম্ভব হবে।
উল্লেখযোগ্যভাবে, এই জিনোম বিশ্লেষণ অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থের জৈব সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দিচ্ছে—যা ফলটির উজ্জ্বল রঙ ও স্বাস্থ্যগুণের জন্য দায়ী। এর মাধ্যমে ভবিষ্যতের জাতগুলোতে এই গুণাবলি আরও বাড়ানো সম্ভব হতে পারে, ফলে ফলগুলো হয়ে উঠবে আরও আকর্ষণীয় ও পুষ্টিকর।
“এই গবেষণা কেবল ব্ল্যাকবেরির জিনতত্ত্বের উপর আমাদের জ্ঞান বাড়ায়নি, বরং এটি এমন এক ভিত্তি তৈরি করেছে যার মাধ্যমে সারা বিশ্বের কৃষক ও ভোক্তারা উন্নত জাতের সুফল ভোগ করতে পারবেন।” বলেন ড. দেং।
———
A chromosome-scale and haplotype-resolved genome assembly of tetraploid blackberry (Rubus L. subgenus Rubus Watson). Horticulture Research (2025)
DOI: 10.1093/hr/uhaf052
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


