প্রকৃতিতে আসল নীল রঙ খুঁজে পাওয়া সত্যিই বেশ কঠিন, তাই না? এর পেছনে রয়েছে এক মজার কারণ, নীল রঙ যেন এক ‘হাই-মেইনটেন্যান্স’ তারকা! কোনো প্রাণী বা উদ্ভিদকে নীল দেখাতে হলে, তাকে করতে হয় এক জটিল আণবিক জাদু। তাদেরকে কম শক্তির আলোক তরঙ্গ শোষণ করে কেবল বেশি শক্তির নীল তরঙ্গ প্রতিফলিত করতে হয়। অনেকটা আলোর তরঙ্গ দিয়ে এক দুরূহ খেলা খেলার মতো ব্যাপার।
এই প্রক্রিয়াটি এতটাই জটিল যে প্রকৃত নীল রঞ্জক (pigment) প্রকৃতিতে প্রায় নেই বললেই চলে। কিন্তু চিন্তার কিছু নেই—প্রকৃতি যে খুবই বুদ্ধিমতী! সে কোনো না কোনো উপায় খুঁজে নেয়। তাই কিছু গাছপালা ও প্রাণী আশ্রয় নেয় দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী অপটিক্যাল কৌশলের যাকে ইংরেজি বলে optical “hacks”। এই বিভ্রমের মাধ্যমে সৃষ্টি হয় নীল রঙের মায়াবী আভা।
নীল রঙ তৈরির কৌশল
যেসব প্রাণীকে আমাদের চোখে নীল দেখায়, তাদের বেশিরভাগের শরীরেই আসলে কোনো নীল রঞ্জক নেই। তারা নির্ভর করে এক ধরনের ভিন্ন পদার্থবিজ্ঞানের পদ্ধতির ওপর—যা বলা হয় গঠনগত রঙ বা structural coloration। এ ক্ষেত্রে তাদের অণুবীক্ষণিক কাঠামো এমনভাবে তৈরি থাকে যে তা আলোর সাথে ইন্টার্যাক্ট করে নীল রঙের আভা তৈরি করে।
ক্রেডিট: Didier Descouens/Wikimedia
উদাহরণ হিসেবে ধরা যাক ব্লু মরফো (Morpho menelaus) প্রজাপতির কথা। এর ডানায় কোনো নীল রঞ্জক নেই। বরং, ডানার সূক্ষ্ম ন্যানোস্ট্রাকচার্ড খাঁজগুলো লাইট ইন্টারফেইস (light interference) নামের এক বিশেষ প্রক্রিয়ায় সব রঙের আলো একে অপরকে বাতিল করে দিয়ে নীল আলো প্রতিফলিত করে। ফলে আমরা এর রঙ উজ্জ্বল দৃষ্টিনন্দন নীল দেখতে পাই। এটা যে লাইট ইন্টারফেইসের কারসাজি সেটার একটা আন্দাজ পাওয়া যায় এর কোন কোণ থেকে দেখলে। আপনি কোন কোণ থেকে দেখছেন তার উপর ভিত্তি করে রঙেও সামান্য পরিবর্তন আসে।
ক্রেডিট: Jatin Sindhu/Wikimedia
একই কৌশল দেখা যায় ময়ূরের লেজে। ময়ূরের পেখমের চমৎকার নীল-সবুজ রঙ কোনো রঞ্জক দিয়ে নয়, বরং গঠনগত রঙের মাধ্যমে সৃষ্টি হয়। যদিও এর পালকের প্রকৃত রঙ বাদামী, তবু এই প্রক্রিয়ায় অণুবীক্ষণিক কাঠামো আলোর সাথে এমনভাবে ক্রিয়া করে যে তা আমাদের চোখে দৃষ্টিনন্দন নীল বা ফিরোজা মনে হয়।
ক্রেডিট: Notafly/Wikimedia
তবে, এই দৃষ্টিবিভ্রমের নিয়মের একটি ব্যতিক্রমও আছে। এই ব্যতিক্রমটি হলো ওবরিনা অলিভউইং (Nessaea obrinus) প্রজাপতি। এটিই একমাত্র প্রাণী, যার দেহে প্রকৃত নীল রঞ্জক রয়েছে। এটি প্রকৃতিতে খুবই বিরল। নীল রঙের অন্যান্য বেশিরভাগ প্রজাতিই সুসংগত বিক্ষেপণ (coherent scattering) প্রক্রিয়ার মাধ্যমে নীল রঙ তৈরি করে, যেখানে আলোর ইন্টর্যাক্টশনের ফলে নীল আভা সৃষ্টি হয়। ওবরিনা অলিভউইং প্রজাপতির রঙ উৎপন্ন হয় ‘প্টেরোবিলিন’ (pterobilin) নামক একটি বিরল জৈব যৌগ থেকে। এর Nessaea গণের অন্যান্য সদস্যরাও একই রঞ্জক থেকেই নীল রঙ পায়, যা জীবজগতে অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা।
বিজ্ঞানীরা মনে করেন, বিবর্তনের ধারায় নীল রঞ্জক তৈরি করা যেহেতু খুবই কঠিন, তাই প্রকৃতি এই গঠনগত উপায়ে নীল রঙ তৈরির কৌশল বেছে নিয়েছে। শুধু নান্দনিকতার জন্য নয়, প্রাণীজগতে যোগাযোগ বা প্রজননের জন্য নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্যও এই কৌশল কাজে লাগে।
আকাশ ও সাগরের নীল
আকাশের নীল রঙও কিন্তু নীল রঞ্জকের কারণে নয়, এটি ঘটে আলোর বিক্ষেপণ (light scattering) প্রক্রিয়ার জন্য। সূর্যের আলো যখন বাতাসের ক্ষুদ্র কণাগুলোর উপর পড়ে, তখন তা বিক্ষিপ্ত হয়। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হওয়ায় তা অন্য রঙের আলোর চেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। আর তাই আমরা আকাশকে নীল দেখি। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের আলো অনেক বেশি পথ পাড়ি দিয়ে আমাদের চোখে পৌঁছায়। সেই দীর্ঘপথে নীল আলোর বেশিরভাগই বিক্ষিপ্ত হয়ে যায়, আর তখন লাল বা কমলা আলো চোখে পড়ে বেশি। তাই আমরা তখন আকাশকে লাল বা কমলা দেখি।
আর সাগরের নীল রঙ? অনেকেই ভাবেন, এটা আকাশের প্রতিফলন! কিন্তু বাস্তবতা হলো, পানি লাল আলো বেশি শোষণ করে। গভীর পানিতে লাল ও অন্যান্য দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষিত হয়ে যায়, ফলে কেবল নীল আলোই দৃশ্যমান থাকে। তাই গভীর সমুদ্র নীল দেখায়। অগভীর পানিতে আলো শোষণ কম হয়, তাই সেখানে পানি স্বচ্ছ বা হালকা নীল দেখায়।
নীল রঙ এত বিরল কেন?
প্রকৃতিতে নীল রঙের বিরলতার পেছনে রয়েছে দুটি প্রধান কারণ; প্রতিফলন এবং রাসায়নিক গঠন। নীল আলো সঠিকভাবে প্রতিফলিত করা পদার্থবিদ্যাগতভাবে অত্যন্ত কঠিন একটি বিষয়। অন্যদিকে, নীল রঞ্জক রাসায়নিকভাবে তৈরি করাও বেশ জটিল। এই দুটি কারণ মিলেই নীল রঙকে প্রকৃতির এক রহস্যময়, দুর্লভ সৌন্দর্যে পরিণত করেছে।
এককথায়, প্রকৃতিতে আমরা যে নীল রঙ দেখি তার বেশিরভাগই হলো ক্ষুদ্র কাঠামো ও আলোর এক বুদ্ধিমত্তাপূর্ণ বিভ্রম, আসল নীল রঞ্জক নয়।
ক্রেডিট: Wera Rodsawang/Getty Images
প্রকৃতিতে নীল রঙের উপস্থিতি এক রহস্যময় সৌন্দর্য। এই রঙ যেন কেবল একটি দৃশ্যমান বৈশিষ্ট্য নয়, বরং আলো, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানের এক নিখুঁত সমন্বয়ের ফল। প্রকৃতির নীল সৌন্দর্য আমাদের চোখকে ধোঁকা দেওয়া এক অভিনব কৌশল। প্রকৃত নীল রঞ্জকের অভাবে প্রাণীরা আলোর সাথে খেলা করে সৃষ্টি করেছে এক অনন্য জাদু, যা শুধু চোখে নয়, মনেও দাগ কাটে।
এই অপার সৌন্দর্যের পেছনে রয়েছে বিজ্ঞানের চমকপ্রদ ব্যাখ্যা। আর সেটিই প্রমাণ করে, প্রকৃতি শুধু সৌন্দর্য রচনা করে না, সে তা করে এক অসাধারণ বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে। তাই নীল রঙের বিরলতা কেবল একটি রঙের অভাব নয়—এ এক শিল্প, এক বিজ্ঞান, এক আশ্চর্য বিভ্রম; যা প্রকৃতির সৃজনশীলতার শ্রেষ্ঠ উদাহরণগুলোর একটি।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।






