মানুষের মস্তিষ্ক শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তিকে দেখলেই শরীরের সামনের সারির প্রতিরক্ষা কোষগুলোর কার্যক্রম শুরু করে দেয়, যা অনেকটা প্রকৃত সংক্রমণের প্রতিক্রিয়ার মতোই। গত ২৮ জুলাই, ২০২৫ Nature Neuroscience এ প্রকাশিত এক গবেষণাপত্র এমনটাই।
এই গবেষণায় গবেষকেরা মস্তিষ্ক স্ক্যান, রক্ত পরীক্ষা এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করেছেন। অংশগ্রহণকারীরা ভার্চুয়াল রিয়েলিটি (VR) হেডসেট পরে এমন অবতার দেখেছেন, যাদের ত্বকে ফুসকুড়ি ছিল আর যারা কাশি দিচ্ছিল, অর্থাৎ সেসকল অবতারদের অসুস্থতার লক্ষণ ছিল। তবে প্রকৃত কোনো রোগজীবাণুর সংস্পর্শে অংশগ্রহণকারীরা আসেননি।
গবেষণার এক গবেষক ও সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল অব লসানের নিউরোসায়েন্টিস্ট আন্দ্রেয়া সেরিনো বলেন, “এই ফলাফল দেখায়, মস্তিষ্ক কতটা দ্রুত আগাম অনুমান করতে পারে এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া বেছে নিতে পারে।”
রোগপ্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণের প্রতিক্রিয়ায় কাজ শুরু করে, তবে সবসময় যথেষ্ট দ্রুত নয়। যদি মস্তিষ্ক আগেভাগে সংক্রমণের আশঙ্কা বুঝে শরীরকে সতর্ক করতে পারে, তাহলে তা মারাত্মক অসুস্থতা প্রতিরোধে সাহায্য করতে পারে।
এই বিষয়টি পরীক্ষা করতে, সেরিনো ও তাঁর সহকর্মীরা স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবকদের মেটা-র Oculus Rift VR হেডসেট পরিয়ে এমন অবতার দেখান, যারা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, যদিও কখনোই ছোঁয় না। কিছু অবতার অসুস্থতার লক্ষণ দেখায়, আবার কিছু সুস্থ দেখায়।
অন্য একটি দল অবতার দেখেনি, কিন্তু তারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পেয়েছে, অর্থাৎ প্রকৃত জীবাণুর সংস্পর্শে এসেছে।
গবেষকেরা দেখেন, সংক্রামক অবতার যখন কাছে আসে, তখন মস্তিষ্কের ‘পার্সোনাল স্পেস’–সংক্রান্ত অংশগুলো সক্রিয় হয়ে ওঠে। এরপর সক্রিয় হয় salience network, অর্থাৎ সেই মস্তিষ্ক অঞ্চলের গুচ্ছ যা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষত হুমকিস্বরূপ ঘটনাকে চিহ্নিত করে এবং প্রতিক্রিয়া দেয়।
এই মস্তিষ্কীয় সক্রিয়তার ফলেই innate lymphoid cells নামে পরিচিত প্রাথমিক প্রতিরক্ষা কোষগুলোর পরিমাণ বাড়ে। যারা সংক্রামক অবতার দেখেছে, তাদের এই কোষের মাত্রা ছিল সুস্থ অবতার দেখাদের চেয়ে বেশি এবং এই মাত্রা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া দলের সঙ্গেও মিলে যায়।
গবেষণায় যুক্ত না থাকলেও, হার্ভার্ড মেডিকেল স্কুলের ইমিউনোলজিস্ট আইজ্যাক চিউ বলেন, “এই গবেষণায় VR ব্যবহারের দিকটি বেশ আকর্ষণীয়।” তাঁর মতে, “দেহের দুটি জটিলতম ব্যবস্থা — মস্তিষ্ক ও রোগপ্রতিরোধ ব্যবস্থা — পরিবেশ থেকে সংকেত নিয়ে কীভাবে যৌথভাবে সাড়া দেয়, তা এই গবেষণায় অসাধারণভাবে ধরা পড়েছে।”
গবেষকেরা আশা করছেন, এই ধরনের মস্তিষ্কীয় প্রতিক্রিয়া কাজে লাগিয়ে ভবিষ্যতে ভ্যাকসিন আরও কার্যকর করা সম্ভব হবে। VR-এর মাধ্যমে প্রতিরক্ষা কোষ সক্রিয় করে তুললে, ভ্যাকসিনের প্রতিক্রিয়া আরও জোরালো হতে পারে — যা ভ্যাকসিনের কার্যকারিতাও বাড়াতে পারে।
———
Neural anticipation of virtual infection triggers an immune response. Nat Neurosci (2025).
DOI: 10.1038/s41593-025-02008-y
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


