মহাবিশ্বের রহস্যময় ও ভয়ংকর বস্তুদের মধ্যে আমাদের জানার পরিধি আরও একধাপ বাড়িয়ে দিল একটি নতুন আবিষ্কার। বিজ্ঞানীরা সম্প্রতি ইতিহাসে ধরা পড়া সবচেয়ে বড় ব্ল্যাকহোল (black hole) সংঘর্ষের সংকেত পেয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (LIGO) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান মহাকর্ষীয় তরঙ্গ (gravitational wave) শনাক্ত করে। খুবই সাধারণভাবে বললে মহাকর্ষীয় তরঙ্গ হলো সময় ও স্থানের ভাঁজে সৃষ্টি হওয়া সূক্ষ্ম তরঙ্গ। এই মহাকর্ষীয় তরঙ্গের সৃষ্টি হয় তখন, যখন দুটি ব্ল্যাকহোল বা নিউট্রন স্টারের মতো বিশাল ও ভীষণ ভারী কোনো বস্তুর সংঘর্ষ হয় বা একে অপরকে ঘিরে ঘুরতে ঘুরতে একীভূত হয়। এই গবেষণাগারটি ২০১৬ সাল থেকে শুরু করে গত ১০ বছরে প্রায় ১০০টির মতো ব্ল্যাক হোলের সংঘর্ষ শনাক্ত করেছে। কিন্তু ২০২৩ সালের ২৩ নভেম্বর তারা যে সংকেতটি ধরেছিল, তা ছিল অসাধারণ এবং প্রথমে গবেষকদের কাছে একধরনের ধাঁধার মতো মনে হয়েছিল।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক সোফি বিনি জানান, পরে বিশ্লেষণ করে দেখা যায় সেটি ছিল ইতিহাসে ধরা পড়া সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল সংঘর্ষের ফল। একটির ওজন ছিল সূর্যের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি, আর অপরটি প্রায় ১৪০ গুণ। আগে পাওয়া সবচেয়ে বড় সংঘর্ষও এর অর্ধেকের কাছাকাছি ছিল মাত্র।
এই দুটি কৃষ্ণগহ্বর শুধু বিশালই ছিল না, তারা ঘূর্ণনেও ছিল অত্যন্ত দ্রুত — এতটাই যে বিজ্ঞানীরা বলছেন, মহাবিশ্বের যে গাণিতিক মডেল আমরা এখন পর্যন্ত তৈরি করেছি, তার সীমার কাছাকাছি এরা।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মার্ক হ্যানাম বলেন, এতো ভারী ব্ল্যাকহোল সাধারণত কোনও নক্ষত্রের ধ্বংসে সরাসরি সৃষ্টি হয় না। তার মতে, সম্ভবত ছোট কৃষ্ণগহ্বরগুলোর একাধিক বার সংঘর্ষ ও একীভবনের ফলে এমন দৈত্যাকার কৃষ্ণগহ্বর তৈরি হয়েছে।
ইতালির মিলানো-বিকোক্কা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাভিদে জেরোসা বলেন, “১০ বছর আগে আমরা অবাক হয়েছিলাম যখন ৩০ সূর্য ভরের ব্ল্যাক হোল পেয়েছিলাম। আর এখন ১০০-এর বেশি ভরের ব্ল্যাক হোল দেখা যাচ্ছে, এটা এক কথায় অসাধারণ।”
তিনি আরও বলেন, এ ধরনের বিশাল এবং দ্রুত ঘূর্ণমান কৃষ্ণগহ্বর থেকে আসা মহাকর্ষীয় তরঙ্গ খুব অল্প সময় স্থায়ী হয়, তাই সেগুলো শনাক্ত করাও কঠিন।
এই গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে ১৪ জুলাই, ২০২৫ তারিখে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ১৬ তম এদোয়ার্দো আমালদী কনফারেন্স অন গ্র্যাভিটেশনাল ওয়েভস।
হ্যানাম ও বিনি দুজনই মনে করেন, এমন সংকেতের উৎস ও প্রেক্ষাপট সম্পূর্ণরূপে বুঝতে হলে আরও অনেক এ ধরনের ঘটনা পর্যবেক্ষণ করতে হবে। লিগোর প্রযুক্তিগত উন্নতির ফলে প্রতিবারই নতুন নতুন ঘটনা শনাক্ত করা যাচ্ছে। তবে একটা চিন্তার বিষয়ও আছে, মার্কিন ট্রাম্প প্রশাসন সম্প্রতি লিগো-এর একটি অংশ বন্ধ করার প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়িত হলে ভবিষ্যতে এমন সংকেত শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে হ্যানামের আশঙ্কা।
———
GW231123: a Binary Black Hole Merger with Total Mass 190-265 M☉, arXiv (2025).
DOI: 10.48550/arXiv.2507.08219
16th Edoardo Amaldi Conference on Gravitational Waves
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


