সৌর জগতের বরফ-শীতল ও দূরবর্তী অঞ্চলে, প্লুটোর বহু গণ্ডি পেরিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা শনাক্ত করেছেন একটি সম্ভাব্য নতুন বামন গ্রহ।
এর নাম 2017 OF201, যার ব্যাস আনুমানিক ৭০০ কিলোমিটার। এটি বামন গ্রহ হওয়ার মোটামুটি সব যোগ্যতা রাখে। কিন্তু এই আবিষ্কারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কক্ষপথ, যা ইঙ্গিত দেয় যে বহুল আলোচিত Planet Nine (সৌরজগতের অন্ধকার অঞ্চলে কোনো বিশাল অদৃশ্য গ্রহ) থাকতে নাও পারে।
প্রিন্সটন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী সিহাও চেং বলেন, “সূর্য থেকে এই বস্তুর কক্ষপথের সবচেয়ে দূরের বিন্দু (অ্যাফিলিয়ন) তে অবস্থিত যা পৃথিবীর কক্ষপথের তুলনায় ১৬০০ গুণ দূরে। আর থেকে এই বস্তুর সবচেয়ে কাছের বিন্দু (পেরিহেলিয়ন) পৃথিবীর কক্ষপথের ৪৪.৫ গুণ দূরে, যা প্লুটোর কক্ষপথের মতো।”
ক্রেডিট: Cheng et al.
চেং এবং তাঁর সহকর্মীরা বহুদিন ধরে সৌরজগতের বাইরের ট্রান্স-নেপ্টুনিয়ান অবজেক্ট (TNO) শনাক্ত করতে কাজ করে যাচ্ছেন। এই বস্তুগুলো হলো পাথর ও বরফের মিশ্রণে গঠিত, যা নেপচুনের কক্ষপথের বাইরেই সূর্যকে প্রদক্ষিণ করে (প্রায় ৩০ অ্যাস্ট্রোনমিকাল ইউনিট বা AU দূরে; যেখানে ১ AU মানে পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব)।
এসব বস্তুকে শনাক্ত করা কঠিন— কারণ এরা আকারে ছোট, অতিরিক্ত ঠান্ডা, এবং সূর্যের আলো খুব কম প্রতিফলিত করে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে আরও উন্নত যন্ত্রপাতি তৈরি হয়েছে যা কুইপার বেল্ট এবং তার বাইরের অঞ্চল পর্যন্ত স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারে। এ পর্যন্ত সবচেয়ে দূরের শনাক্ত বস্তু হলো FarFarOut, যার আকার প্রায় ৪০০ কিলোমিটার এবং এটি ১৩২ AU দূরে অবস্থিত।
চেং ও তাঁর দল 2017 OF201-কে খুঁজে পান Dark Energy Camera Legacy Survey (DECaLS) এবং Canada France Hawaii Telescope (CFHT) এর আর্কাইভ করা তথ্য বিশ্লেষণ করে। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত DECaLS ও CFHT মোট ১৯ বার বস্তুটি পর্যবেক্ষণ করেছে, যার ভিত্তিতে দলটি নিশ্চিতভাবে এর কক্ষপথ নির্ণয় করতে পেরেছে।
ক্রেডিট: Jiaxuan Li/Sihao Cheng
2017 OF201 প্রথম দেখা যায় ৯০.৫ AU দূরে — প্লুটোর গড় দূরত্ব (৪০ AU) থেকে দ্বিগুণেরও বেশি। এর কক্ষপথ একটু বেশিই উপবৃত্তাকার, যা একদিকে ৪৪ AU পর্যন্ত কাছে আসে, অন্যদিকে ১৬০০ AU দূরে চলে যায় — যা Oort Cloud-এর অভ্যন্তরে পড়ে। এই Oort Cloud হলো বরফ ও পাথরের এক বিশাল মেঘ, যা সূর্য পরিবারকে ঘিরে রেখেছে একেবারে প্রান্তসীমায়।
এই বিশাল কক্ষপথ কীভাবে তৈরি হলো, তা এখনও পরিষ্কার নয়। সম্ভবত কোনো বিশাল বস্তুর মাধ্যাকর্ষণ টানে এটি ছিটকে গেছে, বা হয়তো এর কক্ষপথ পরিবর্তন একাধিক ধাপে ঘটেছে।
তবে যেটা স্পষ্ট, তা হলো এই কক্ষপথ অন্য TNO-দের মতো নয়, যাদের অবস্থান একধরনের গুচ্ছাকারে ছিল এবং যাদের দেখে কিছু জ্যোতির্বিজ্ঞানী মনে করেছিলেন, কোনো অজানা বড় গ্রহ (Planet Nine) তাদের প্রভাবিত করছে।
চেং এবং তাঁর দল 2017 OF201-এর কক্ষপথ নিয়ে কম্পিউটার সিমুলেশন চালিয়েছেন — একবার Planet Nine ধরে নিয়ে, আরেকবার না ধরে নিয়ে। তারা দেখেছেন, যদি Planet Nine না থাকে, তাহলে 2017 OF201 বর্তমানের মতোই স্থায়ীভাবে কক্ষপথে থাকতে পারে। কিন্তু যদি Planet Nine থেকে থাকে, তাহলে নেপচুনের সাথে তার মাধ্যাকর্ষণ পারস্পরিক ক্রিয়ায় ১০ কোটি বছরের মধ্যেই 2017 OF201 সৌরজগত থেকে ছিটকে পড়ে যাবে।
ক্রেডিট: Jiaxuan Li/Sihao Cheng
এটি Planet Nine-এর অস্তিত্বের বিপক্ষে অন্যতম শক্ত প্রমাণ। একইসঙ্গে এটি ইঙ্গিত দেয়, এরকম আরও বহু বস্তু কুইপার বেল্টে এবং তার বাইরেও আছে — যাদের আমরা এখনও আবিষ্কার করতে পারিনি।
চেং বলেন, “2017 OF201 তার কক্ষপথের সময়ের মাত্র এক শতাংশ সময় এতটা কাছে আসে, যাতে আমরা সেটিকে দেখতে পারি। এরকম একটি বস্তু থাকাই ইঙ্গিত দেয়, এর মতো আরও শতাধিক বস্তু থাকতে পারে; তারা এতটাই দূরে যে আমাদের বর্তমান যন্ত্রপাতি দিয়ে ধরা যায় না।”
“যদিও টেলিস্কোপে অগ্রগতির ফলে আমরা মহাবিশ্বের দূরতম অংশেও পৌঁছাতে পারছি, কিন্তু আমাদের নিজেদের সৌরজগৎ নিয়েই এখনো অনেক কিছু জানার বাকি রয়েছে।”
2017 OF201-এর আবিষ্কার International Astronomical Union আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং এটি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে প্রিপ্রিন্ট ওয়েবসাইট arXiv-এ।
———
Discovery of a dwarf planet candidate in an extremely wide orbit: 2017 OF201. arXiv (2025).
DOI: 10.48550/arXiv.2505.15806
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।





