জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা নতুন নক্ষত্র HD 181327-এর চারপাশে থাকা ধ্বংসাবশেষের ডিস্কে উল্লেখযোগ্য পরিমাণে বরফের সন্ধান পেয়েছেন। এই আবিষ্কার প্রাথমিক গ্রহ গঠনের প্রক্রিয়া এবং বসবাসযোগ্য জগত তৈরির পরিবেশ সম্পর্কে নতুন ধারণা দিয়েছে।
HD 181327 নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় ১৬৯ আলোকবর্ষ দূরে পিক্টর নামের নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এটি তুলনামূলকভাবে নতুন গ্রহ। এর বয়স প্রায় ২.৩ কোটি বছর এবং এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি ভরের। TYC 8765-638-1 এবং WISE J192258.97-543217.8 নামেও এটি পরিচিত। এই নক্ষত্রটি একটি মেইন সিকোয়েন্স নক্ষত্র, যার চারপাশে রয়েছে একটি সক্রিয় ধ্বংসাবশেষপূর্ণ অঞ্চল।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চেন জি-র নেতৃত্বে একটি গবেষণা দল ওয়েব টেলিস্কোপের নিয়ার-ইনফ্রারেড স্পেক্ট্রোগ্রাফ (NIRSpec) ব্যবহার করে এই নক্ষত্রের বাইরের অংশে থাকা সূক্ষ্ম ধুলিকণাগুলো পর্যবেক্ষণ করে। এই ধুলিকণাগুলো ধ্বংসাবশেষ ডিস্কে ঘন ঘন সংঘর্ষের ফলে তৈরি হয়, যার মধ্যে থাকে ধুলাবালি মিশ্রিত ক্ষুদ্র পানির বরফ টেলিস্কোপ অত্যন্ত দক্ষভাবে শনাক্ত করতে পারে।
ওয়েব-এর পর্যবেক্ষণে নক্ষত্র ও তার চারপাশের ডিস্কের মাঝে একটি পরিষ্কার, ধুলিমুক্ত ফাঁকা অঞ্চল ধরা পড়ে। এই ফাঁকা জায়গার বাইরেই রয়েছে ধ্বংসাবশেষের একটি প্রশস্ত বেল্ট, যা আমাদের সৌরজগতের কুইপার বেল্টের মতোই—যেখানে বরফ ও পাথরের টুকরো, বামন গ্রহ ও ধূমকেতুর মতো বস্তু পাওয়া যায়।
গবেষণার সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারগুলোর একটি ছিল স্ফটিকাকৃতির পানির বরফের উপস্থিতি—যেটি আমাদের সৌরজগতের শনি গ্রহের বলয় এবং কুইপার বেল্টের বস্তুতেও দেখা যায়। তবে বরফ সিস্টেমে সমানভাবে ছড়িয়ে নেই। ধ্বংসাবশেষের বাইরের অঞ্চলে ২০ শতাংশের বেশি বরফ রয়েছে, মাঝখানের অংশে আছে প্রায় ৮ শতাংশ। কিন্তু তারা থেকে সবচেয়ে কাছের অংশে প্রায় কোনো বরফই পাওয়া যায়নি। গবেষকরা মনে করেন, নক্ষত্র থেকে আসা অতিবেগুনি রশ্মি বরফকে বাষ্পীভূত করে ফেলছে অথবা গ্রহাণু সদৃশ পাথুরে বস্তুগুলো বরফকে নিজেদের ভেতরে আটকে রাখছে, যেগুলো ওয়েব শনাক্ত করতে পারে না।
বিজ্ঞানীরা মনে করেন, এমন বরফপূর্ণ বস্তু গ্রহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা শুধু গ্রহের জন্মে সহায়তা করে না, বরং সিস্টেমের ভেতরের অংশে গঠিত শিলা-গ্রহে পানির সরবরাহ করতেও সাহায্য করতে পারে।
এই আবিষ্কার আমাদের বোঝার পথকে আরও সুস্পষ্ট করেছে—জীবনের জন্য অপরিহার্য পানি কীভাবে ইয়াং গ্রহ ব্যবস্থায় ছড়িয়ে থাকে এবং ভবিষ্যতে কীভাবে তা নবগঠিত পৃথিবীর মতো গ্রহে পৌঁছাতে পারে।
———
Water ice in the debris disk around HD 181327. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-08920-4
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


