জীববিজ্ঞানীরা Litoria গণের মধ্যে একটি নতুন গেছো ব্যাঙের প্রজাতি চিহ্নিত করেছেন এবং সাথে আরেকটি প্রজাতির পুনর্বিন্যাস করেছেন, যা অস্ট্রেলিয়ার অতীত জলবায়ু সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে এবং ভবিষ্যতে এই উভচর প্রাণীদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করছে।
নবআবিষ্কৃত প্রজাতিটির নাম ইউংগেলা হুইরিং ব্যাঙ (Litoria eungellensis), যা কেবলমাত্র কুইন্সল্যান্ডের ইউংগেলা রেঞ্জের ২০ বর্গকিলোমিটার এলাকার ঠান্ডা পর্বতবনের ৯০০ মিটারের বেশি উচ্চতায় পাওয়া যায়। এটি তার নিকটতম আত্মীয় আথারটন হুইরিং ব্যাঙ (Litoria corbeni) থেকে কয়েকশ কিলোমিটার দূরে বিচ্ছিন্ন। Litoria corbeni কে নতুনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে।
দুই প্রজাতিই উচ্চভূমির আর্দ্র পরিবেশে বাস করে। এরা ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার কারণে অন্যত্র মাইগ্রেট করতে সক্ষম নয়। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে এই ব্যাঙগুলো বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
“সব প্রজাতিই সমানভাবে অ্যাডাপ্ট করতে পারে না। এই ব্যাঙগুলো ক্রমশ জায়গায় সংকটে পড়ছে। তারা পর্বতের চূড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যেখানে জলবায়ু মডেল অনুযায়ী ভবিষ্যতে উষ্ণ ও শুষ্ক পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। ফলে, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।” বলেছেন নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাহোনি।
দক্ষিণ অস্ট্রেলিয়ান মিউজিয়ামের ড. লুক প্রাইস এই আবিষ্কারের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “এই ব্যাঙগুলোর অদ্ভুত বিস্তৃতি ও জিনগত পার্থক্য আমাদের অস্ট্রেলিয়ার অতীত জলবায়ু ও বর্তমান বাস্তুতন্ত্র গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।”
ড. প্রাইসের মতে, অতীতে হুইরিং গেছো ব্যাঙের প্রজাতিগুলো নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চল থেকে আথারটন টেবিলল্যান্ডস পর্যন্ত বিস্তৃত আর্দ্র বনে বসবাস করত। কিন্তু জলবায়ুর পরিবর্তনের ফলে এগুলো ছোট ছোট বিচ্ছিন্ন এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।
দেখতে প্রায় একই রকম হলেও—উভয়ের শরীরে উজ্জ্বল সরিষা-হলুদ রঙ ও লাল দাগ রয়েছে, যা তাদের পায়ের পেছনে লুকানো থাকে—ইউংগেলা ও আথারটন হুইরিং ব্যাঙ অন্তত ১৫ লাখ বছর ধরে পৃথকভাবে বিবর্তিত হয়েছে। তাদের ভিন্ন মেটিং সেল আর জিনগত পার্থক্য নিশ্চিত করে যে তারা দুইটি আরাদা প্রজাতি।
ড. প্রাইস বলেন, “Litoria eungellensis এখন অস্ট্রেলিয়ার সবচেয়ে সীমিত পরিসরে বসবাসকারী শীর্ষ দশ ব্যাঙের মধ্যে একটি। এত ছোট অঞ্চলে সীমাবদ্ধ প্রজাতিগুলো বিশাল ঝুঁকির সম্মুখীন—বনাঞ্চলে দাবানল থেকে শুরু করে দূষণ পর্যন্ত। একটি বড় দুর্যোগই তাদের পুরোপুরি বিলুপ্ত করে দিতে পারে।”
এই গবেষণা জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝা ও তা প্রশমিত করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। এই গবেষণাপত্রটি গত ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ এ Zootaxa জার্নালে প্রকাশিত হয়।
–––
Systematic evaluation of molecular genetic, morphological and acoustic variation reveals three species in the Litoria revelata complex (Anura: Pelodryadidae). Zootaxa 5584 (3): 301-338;
DOI: 10.11646/zootaxa.5584.3.1
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


