চীনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো ডাইনোসরের একটি ডিমের সঠিক বয়স সরাসরি নির্ধারণ করেছেন। চীনের শিয়ানের একটি বাড়ি তৈরির স্থানে পাওয়া ২৮টি ডিমের মধ্যে একটি ডিমকে নতুনভাবে তারিখ নির্ধারণ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, এই ডিমটির বয়স প্রায় ৮৫.৯ মিলিয়ন বছর, যা আজ Frontiers in Earth Science জার্নালে প্রকাশিত হয়েছে।
সাধারণত জীবাশ্ম ডিমের বয়স নির্ধারণ করতে পরোক্ষ পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন আগ্নেয় ছাই বা আশেপাশের শিলা স্তরের বয়স নির্ধারণ। তবে এই পদ্ধতি অনেক সময় সঠিক হয় না, কারণ শিলা স্তর ডিম পাড়ার সময়ে তৈরি নাও হতে পারে।
এইবার গবেষকরা সরাসরি ডিমের বয়স নির্ধারণ করতে ফসিল ডিমের খোসার টুকরোতে লেজার প্রয়োগ করেন। এতে খোসার উপর জমে থাকা খনিজ বাষ্পীভূত হয় এবং সেই বাষ্পে ইউরেনিয়াম ও সীসার পরমাণু পাওয়া যায়। প্রাকৃতিকভাবে ইউরেনিয়াম ধীরে ধীরে সীসায় রূপান্তরিত হয়। যেহেতু এই ক্ষয় একটি নির্দিষ্ট হারে ঘটে, তাই ইউরেনিয়াম ও সীসার অনুপাত বিশ্লেষণ করে ফসিলের প্রকৃত বয়স নির্ধারণ করা যায়।
চীনের সায়েন্স একাডেমির ভূতত্ত্ববিদ এবং গবেষণার সহ-লেখক জিং চেং বলেন, “আমাদের জানা মতে, এটাই প্রথমবার ডাইনোসরের ডিমের খোসার in situ isotopic বয়স নির্ধারণ করা হলো, শুধু চীনেই নয়, সম্ভবত গোটা বিশ্বেই।” এর আগে এই পদ্ধতি জীবাশ্ম হাড়, দাঁত, শিলা ও খনিজের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়েছে।
ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্যালেওন্টোলজিস্ট গুন্তুপল্লি প্রসাদ বলেন, সরাসরি বয়স নির্ধারণের এই পদ্ধতি প্যালেওন্টোলজিতে ব্যাপক প্রভাব ফেলবে। “এটি অনেক জীবাশ্মের বয়স নিয়ে থাকা অনিশ্চয়তা দূর করবে,” তিনি মন্তব্য করেন।
তবে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্যালেওন্টোলজিস্ট সুজান্না মেইডমেন্ট বলেন, গবেষণায় ডিম চাপা পড়া থেকে জীবাশ্মে রূপান্তর হওয়ার মধ্যে ঘটে যাওয়া রাসায়নিক পরিবর্তনগুলোর হিসাব রাখা হয়নি। এর মধ্যে একটি হলো ডায়াজেনেসিস, যা আসল খনিজ গঠনে পরিবর্তন ঘটাতে পারে। তার মতে, “ফসিলের সরাসরি বয়স নির্ধারণ করতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে যে খনিজে কোনো ডায়াজেনেটিক পরিবর্তন ঘটেনি। নাহলে বয়স নির্ধারণ ভুল হবে।”
গবেষকেরা জানান, ঐ অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপ খুবই নগণ্য ছিল এবং যেসব ডিম খোসা পরীক্ষা করা হয়েছে, সেগুলো ভালোভাবে সংরক্ষিত ছিল, কোনো বিকৃতি ঘটেনি। তাই বয়স নির্ধারণ নির্ভরযোগ্য বলেই মনে করা হচ্ছে। তবুও তারা ভবিষ্যতে আরও গবেষণা চালিয়ে এই ফল যাচাই করবেন।
বিশ শতকের শেষ দিক থেকে শিয়ানের কাছাকাছি ছিনলিং অঞ্চলে অসংখ্য ডাইনোসরের জীবাশ্ম ডিম আবিষ্কৃত হয়েছে। এসব ডিম বর্তমানে বিশ্বের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে, যা গবেষক ও সাধারণ মানুষের কাছে ব্যাপক আগ্রহের বিষয়, বলেন গবেষণার সহ-লেখক ও প্যালেওন্টোলজিস্ট বি ঝাও (হুবেই ইনস্টিটিউট অব জিওসায়েন্সেস, উহান, চীন)। তবে এতদিন এসব ডিমের সঠিক বয়স নির্ধারণ করা যায়নি।
কোন ডাইনোসর প্রজাতি ডিমগুলো পেড়েছিল তা এখনো জানা যায়নি। কিন্তু বয়স প্রায় ৮৫.৯ মিলিয়ন বছর হওয়ায় গবেষকরা বলছেন, এগুলো ক্রিটেশিয়াস যুগের মধ্যভাগে (প্রায় ১০০ মিলিয়ন থেকে ৬৫ মিলিয়ন বছর আগে) পাড়া হয়েছিল যখন পৃথিবী বৈশ্বিক হিমায়নের একটি উল্লেখযোগ্য সময় পার করছিল।
———
Geological age of the Yunyang dinosaur eggs revealed by in-situ carbonate U-Pb dating and its scientific implications. Front. Earth Sci. (2025).
DOI: 10.3389/feart.2025.1638838
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


