চর্বি টিস্যুতে সম্প্রতি আবিষ্কৃত এক ধরনের নতুন প্রতিরোধকোষ বার্ধক্যের সঙ্গে যুক্ত দীর্ঘস্থায়ী প্রদাহ বাড়াতে ভূমিকা রাখে বলে ইঙ্গিত পাওয়া গেছে। যদিও একই সঙ্গে চর্বির ভেতরের অন্য কিছু প্রতিরোধকোষ এই প্রদাহ নিয়ন্ত্রণেও সাহায্য করে। প্রাথমিকভাবে ইঁদুরের ওপর চালানো গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
গবেষকরা দেখেছেন, প্রদাহ বাড়ানো এই নতুন কোষ কেবল বয়স্ক ইঁদুরদের মধ্যেই দেখা যায়। যদিও এদের সুনির্দিষ্ট ভূমিকা এখনো পরিষ্কার নয়, তবে কোষগুলোতে এমন অনেক বৈশিষ্ট্য পাওয়া গেছে যা ‘ইনফ্ল্যামএজিং’-এর (inflammageing) সঙ্গে যুক্ত অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে যে স্থায়ী প্রদাহ তৈরি হয়। এই গবেষণার ফলাফল ২ সেপ্টেম্বর, ২০২৫ Nature Aging জার্নালে প্রকাশিত হয়েছে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইমিউনোবায়োলজিস্ট এবং গবেষণার সহ-লেখক বিশ্ব দীপ দীক্ষিত বলেন,
“আমরা একেবারে নতুন ধরনের প্রতিরোধকোষ খুঁজে পাব। এটা একদমই প্রত্যাশিত ছিল না।”
যখন শরীরে আঘাত লাগে বা সংক্রমণ ঘটে, তখন প্রতিরোধ ব্যবস্থা আক্রান্ত স্থানে কোষ ও প্রোটিন পাঠিয়ে প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া জানায়। একে প্রদাহ (ব্যথা, লালচে ভাব, ফোলাভাব, উষ্ণতা ইত্যাদি) বা inflammation বলা হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রদাহ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং একসময় তা স্থায়ী আকার ধারণ করে যা স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায়।
চর্বি টিস্যুর ভেতরে থাকা বিভিন্ন ধরনের ম্যাক্রোফেজ (শ্বেত রক্তকণিকার একটি ধরণ, যা জীবাণু ও মৃত কোষ পরিষ্কার করে) এই প্রদাহকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে ঠিক কোন ধরনের ম্যাক্রোফেজ কী ভূমিকা রাখে এবং বয়সের সঙ্গে সঙ্গে এদের পরিবর্তন কেমন হয় তা এতদিন স্পষ্ট ছিল না, জানালেন গবেষণার আরেক সহ-লেখক ইয়েলের এলসি গঞ্জালেজ-হার্টাডো।
বিষয়টি পরিষ্কার করতে, গঞ্জালেজ-হার্টাডো ও তাঁর সহকর্মীরা তরুণ ও বয়স্ক ইঁদুরের ভিসারাল ফ্যাট (অভ্যন্তরীণ অঙ্গকে ঘিরে থাকা গভীর চর্বি) টিস্যুর ম্যাক্রোফেজ বিশ্লেষণ করেন। কোষের আরএনএ অণুর ভিত্তিতে ম্যাক্রোফেজগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।
ফলাফলে দেখা যায়, ভিসারাল ফ্যাটে মোট ১৩টি স্বতন্ত্র ধরনের ম্যাক্রোফেজ রয়েছে। এর মধ্যে কিছু বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে বা কমে। যেমন, স্নায়ুর কাছাকাছি থাকা এক পরিচিত ধরনের ম্যাক্রোফেজ স্ত্রী ইঁদুরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। আবার রক্তনালীর কাছে জমা হওয়া এক ধরনের ম্যাক্রোফেজ বয়স্ক পুরুষ ইঁদুরে কমে যায়, তবে স্ত্রী ইঁদুরে তেমন পরিবর্তন দেখা যায় না।
গবেষকরা আরও একটি একেবারে নতুন ধরনের ম্যাক্রোফেজ আবিষ্কার করেছেন, যা তরুণ ইঁদুরে ছিল না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয়। এ কোষগুলোতে প্রদাহ-সম্পর্কিত সূচক ও ইনফ্ল্যামএজিং-এর চিহ্ন প্রচুর পরিমাণে পাওয়া যায়। গবেষকদের মতে, এ কোষ বার্ধক্যজনিত প্রদাহের জন্য দায়ী হতে পারে। তবে এগুলো কোথায় তৈরি হয়, তা এখনো অজানা।
স্নায়ুর পাশে থাকা ম্যাক্রোফেজগুলোকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করে দেখা যায়, এরা স্নায়ুকোষের দিকে সূক্ষ্ম তন্তু বাড়ায়, যা ইঙ্গিত দেয় যে এরা স্নায়ুতন্ত্র পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে।
এটি পরীক্ষা করতে, গবেষকরা তরুণ স্ত্রী ইঁদুরের ভিসারাল ফ্যাট থেকে স্নায়ু-সম্পর্কিত ম্যাক্রোফেজ সরিয়ে ফেলেন। এতে দেখা যায়, প্রদাহ বেড়ে যায় এবং চর্বি ভাঙার প্রক্রিয়া ব্যাহত হয়। এর মানে, এই বিশেষ ধরনের ম্যাক্রোফেজ প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং চর্বি টিস্যুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে।
“এই আবিষ্কার অনেকগুলো নতুন গবেষণার দিক খুলে দিয়েছে,” বলেন নিউ ইয়র্কের মাউন্ট সিনাইয়ের ইমিউনোলজিস্ট মিরিয়াম মেরাড। তাঁর মতে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—থেরাপির মাধ্যমে ম্যাক্রোফেজের ভারসাম্য বজায় রাখা বা পুনরুদ্ধার করা সম্ভব কি না, যা ইনফ্ল্যামএজিং এবং বিপাকীয় সমস্যাগুলো কমাতে সাহায্য করতে পারে।
গবেষকরা এখন এই নতুন আবিষ্কৃত ম্যাক্রোফেজগুলোকে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করবেন, যাতে এদের প্রকৃত ভূমিকা বোঝা যায়। দীক্ষিত বলেন,
“আমরা এখনো আসলে কেবল উপরের স্তরটুকুই আঁচড়েছি।”
———
Nerve-associated macrophages control adipose homeostasis across lifespan and restrain age-related inflammation. Nat Aging (2025).
DOI: 10.1038/s43587-025-00952-9
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


