পদার্থবিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র লাইট-এমিটিং ডায়োড (এলইডি) ডিসপ্লে তৈরি করেছেন। উপরের চিত্রের ডানপাশে একটি একরঙা ডিসপ্লেতে প্রদর্শিত হয়েছে, যার প্রতিটি পিক্সেলের প্রস্থ ১০০ মাইক্রোমিটারেরও কম, যা মানুষের চুলের প্রস্থের কাছাকাছি। তবে চীনের হাংজ়ৌ-এর ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় (Zhejiang University)-এর গবেষক বোডান ঝাও এবং তার সহকর্মীরা আরও ছোট একটি LED তৈরি করতে সক্ষম হয়েছেন, যার পিক্সেল মাত্র ৯০ ন্যানোমিটার প্রস্থের—একটি সাধারণ ভাইরাসের আকারের সমান এবং এতটাই ক্ষুদ্র যে সবচেয়ে শক্তিশালী অপটিক্যাল মাইক্রোস্কোপেও স্পষ্টভাবে দেখা যায় না। গবেষণার ফলাফল গতকাল অর্থাৎ ১৯ মার্চ, ২০২৫ এ Nature জার্নালে প্রকাশিত হয়েছে।
ক্রেডিট: Y. Lian et al./Nature
এলইডি (LED) হল এক ধরনের সেমিকন্ডাক্টর, যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আলো উৎপন্ন করে। গবেষকরা এই LED তৈরিতে পেরোভস্কাইট নামক এক ধরনের উপাদান ব্যবহার করেছেন, যা শুধুমাত্র পৃথিবীর অভ্যন্তরে থাকা সাধারণ খনিজ নয়, বরং উন্নতমানের সৌর প্যানেল তৈরিতেও ব্যবহৃত হয়। এই পেরোভস্কাইট উপাদানটির কারণে LED-গুলো অত্যন্ত ক্ষুদ্র আকারে গেলেও উজ্জ্বলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। ঝাও বলেন, “বৈজ্ঞানিক কৌতূহলের বাইরে, এই গবেষণা প্রমাণ করে যে অতিক্ষুদ্র মাপেও পেরোভস্কাইট LED তুলনামূলকভাবে কার্যকর থাকতে পারে।” ফলে এটি প্রচলিত LED-এর তুলনায় কিছুটা সুবিধাজনক।
ঝাও আরও জানান যে, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে রঙিন ডিসপ্লে তৈরি করা সম্ভব হবে, যদিও এটি নির্মাণ করা আরও চ্যালেঞ্জিং হবে। অতিক্ষুদ্র পিক্সেলবিশিষ্ট LED ডিসপ্লে ভার্চুয়াল-রিয়ালিটি (VR)-র মতো প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
———
Downscaling micro- and nano-perovskite LEDs. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-08685-w
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।



