নতুন পর্যবেক্ষণ থেকে জানা গেছে যে মহাবিশ্বের প্রতিনিয়ত সম্প্রসারণের জন্য দায়ি রহস্যময় শক্তি ডার্ক এনার্জি গত ৪.৫ বিলিয়ন বছরে দুর্বল হয়ে গেছে।
প্রথমবার এই প্রভাব সম্পর্কে ২০২৪ সালের এপ্রিলে সন্দেহ প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা। তবে গত ১৯ মার্চ, ২০২৫ এ আমেরিকান ফিজিক্যাল সোসাইটির এক সম্মেলনে ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইন্সট্রুমেন্ট (DESI) গবেষণা দলের উপস্থাপন করা সর্বশেষ গবেষণার ফলাফল তিন বছরের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর আগে, ২০২৪ সালে প্রকাশিত গবেষণা মাত্র এক বছরের তথ্য ব্যবহার করেছিল।
যদি এই ফলাফল সত্যি হয়, তাহলে মহাবিশ্বের ইতিহাস ব্যাখ্যাকারী প্রচলিত ‘স্ট্যান্ডার্ড মডেল’ সংশোধন করতে হতে পারে। এই মডেল ধরে নেয় যে, ডার্ক এনার্জি মহাশূন্যের এক অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য এবং এটি সময়ের সাথে পরিবর্তিত হয় না—এটিকেই ‘কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’ বলা হয়।
ক্রেডিট: DESI Collaboration
DESI টেলিস্কোপটি অ্যারিজোনার কিট পিক ন্যাশনাল অবজারভেটরিতে অবস্থিত। এটি ৫,০০০টি রোবটিক আর্মের মাধ্যমে আলোক সংবেদী ফাইবার অপটিক ক্যাবল নির্দিষ্ট গ্যালাক্সি বা কোয়াসারের দিকে তাঁক করে রেখা হয়েছে। এরপর সেই ফাইবার অপটিকে ওপর গ্যালাক্সি বা কোয়াসার থেকে আসা আলোকরশ্মি স্পেকট্রোগ্রাফে পাঠানো হয়, যা রেডশিফট-এর মাত্রা পরিমাপ করে। মহাকাশ সম্প্রসারণের ফলে আলো যতটা প্রসারিত হয়েছে, সেটি পরিমাপ করে জ্যোতির্বিজ্ঞানীরা বস্তুগুলোর দূরত্ব নির্ধারণ করতে পারেন এবং মহাবিশ্বের সম্প্রসারণের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে পারেন।
এই মানচিত্র বিশ্লেষণ করে গবেষকরা ব্রহ্মাণ্ডের আদিযুগের শব্দ তরঙ্গ—ব্যারিয়ন অ্যাকোস্টিক অসিলেশন (BAO)—এর চিহ্ন খুঁজে পান। এগুলো তখনকার মহাবিশ্বে ১৫০ কিলোপারসেক (৪.৫ লক্ষ আলোকবর্ষ) পরিসরে ছিল, যা মহাবিশ্ব সম্প্রসারণের ফলে ১৫০ মেগাপারসেক (১৫ কোটি আলোকবর্ষ) পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এই BAO-এর পরিবর্তন বিশ্লেষণ করেই মহাবিশ্বের সম্প্রসারণ হার কেমন ছিল তা বোঝা যায়। প্রায় ৫ বিলিয়ন বছর আগে, মহাবিশ্বের সম্প্রসারণ ধীর থেকে দ্রুত হওয়া শুরু করেছিল, যা ডার্ক এনার্জির কারণে ঘটেছে বলে মনে করা হয়। এতদিন পর্যন্ত পাওয়া সব তথ্য কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ধারণার সাথে মিলে যাচ্ছিল—অর্থাৎ, মহাবিশ্বের সম্প্রসারণ ক্রমশ দ্রুততর হবার কথা।
কিন্তু DESI-এর সর্বশেষ তথ্য ইঙ্গিত দিচ্ছে যে সম্প্রসারণের গতি এখন অতীতের তুলনায় কমছে। এর মানে হলো, ডার্ক এনার্জি যদি সত্যিই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হত, তাহলে সম্প্রসারণের হার কমার কথা নয়। নতুন গবেষণা দেখাচ্ছে যে ৪.৫ বিলিয়ন বছর আগের তুলনায় এখন মহাশূন্যের প্রতি ঘনমিটারে থাকা ডার্ক এনার্জির ঘনত্ব ১০% কমে গেছে।
এই বিশ্লেষণে ৩০ মিলিয়নের বেশি ছায়াপথ ও কোয়াসারের রেডশিফট অন্তর্ভুক্ত রয়েছে, যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি। এতে মহাবিশ্বের ১১ বিলিয়ন বছরের ইতিহাস অন্তর্ভুক্ত হয়েছে।
ক্রেডিট: DESI Collaboration and KPNO/NOIRLab/NSF/AURA/R. Proctor
DESI গবেষণা দলের সদস্য সেশাদ্রি নাদাথুর বলেন, তারা ‘ব্লাইন্ড অ্যানালাইসিস’ পদ্ধতি ব্যবহার করেছেন যাতে ব্যক্তিগত পক্ষপাত কোনোভাবে ফলাফলের ওপর প্রভাব না ফেলে। প্রথমবার যখন তিনি এই ফলাফল সহকর্মীদের সামনে উপস্থাপন করেন, তখন কক্ষে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এসেছিল বলেও তিনি জানান। “আমি চেষ্টা করছিলাম উপস্থাপনাকে যতটা সম্ভব নাটকীয় করতে,” তিনি বলেন।
তবে এখনও DESI-এর পরিসংখ্যানগত শক্তি সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারেনি যে ডার্ক এনার্জি পরিবর্তনশীল। কিন্তু গবেষকরা আশা করছেন, সাত বছরের তথ্য সংগ্রহ শেষ হলে এই প্রশ্নের পরিষ্কার উত্তর পাওয়া যাবে।
এদিকে, ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইউক্লিড মিশন এবং চিলির ৮ মিটার ভেরা রুবিন টেলিস্কোপ, যেটি এই বছর চালু হওয়ার কথা, মহাবিশ্বের ইতিহাসের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।
———
DESI DR2 Results II: Measurements of Baryon Acoustic Oscillations and Cosmological Constraints, arXiv:2503.14738 [astro-ph.CO], preprint.
DOI: 10.48550/arXiv.2503.14738
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।




