ডেনিসোভান—এই নামটা প্রাগৈতিহাসিক মানবজাতির এক রহস্যময় শাখার প্রতিনিধিত্ব করে, যাদের অস্তিত্ব আমরা এতদিন কেবল সাইবেরিয়ার একটি গুহার আঙুলের হাড় ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে জানতাম। কিন্তু সম্প্রতি চীনের হারবিন শহরের কাছে পাওয়া একটি পুরনো খুলি সেই অজানা মুখগুলোকে অবশেষে কিছুটা চেনা রূপ দিয়েছে। একে বিজ্ঞানীরা ‘ড্রাগন ম্যান’ বলে ডাকছেন, আর এই খুলিই এখন পর্যন্ত পাওয়া প্রথম সম্পূর্ণ ডেনিসোভান করোটির নমুনা বলে প্রমাণিত হয়েছে।

ক্রেডিট: John Gurche/Mark Thiessen/Nat Geo Image Collection
এই ফসিলটি অন্তত ১,৪৬,০০০ বছর পুরনো। খুলিটির গঠন, বিশাল মস্তিষ্কের আকার, মোটা ভ্রু-রিজ ইত্যাদি আধুনিক মানুষ ও নিয়ানডার্থালদের সঙ্গে অনেকটাই মিলে যায়, যা থেকে অনুমান করা যাচ্ছে, ডেনিসোভানরা দেখতে কিছুটা আমাদের মতোই ছিল। ২০১৮ সালে একজন নাম না-জানা ব্যক্তি খুলিটি প্যালিওন্টোলজিস্ট ছিয়াং জিকে হস্তান্তর করেন, যিনি পরে জানতে পারেন এটি বহু বছর আগে সেতু নির্মাণের সময় পাওয়া গিয়েছিল এবং একটি পরিত্যক্ত কূপে লুকিয়ে রাখা হয়েছিল।
২০২১ সালে এটিকে Homo longi নামে একটি আলাদা প্রজাতি বলা হলেও, সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে এই খুলিটি ছিল একজন ডেনিসোভানের। মূল চাবিকাঠি ছিল খুলির ভেতরের প্রাচীন প্রোটিন এবং দাঁতের উপর জমা পুরাতন ক্যালকুলাস (ক্যালসিফায়েড ডেন্টাল প্লাক)। গবেষক কিয়াওমেই ফু ও তাঁর দল ৯৫টি প্রাচীন প্রোটিনের টুকরো বিশ্লেষণ করে ডেনিসোভানদের ডিএনএ-এর সঙ্গে মিল খুঁজে পান। এমনকি দাঁতের প্লাক থেকে বের করা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-ও সাইবেরিয়ার ডেনিসোভানদের সঙ্গে মিল খায়।
সবচেয়ে আশ্চর্যের বিষয়—এই প্রথম কোনো প্লেইস্টোসিন যুগের দাঁতের প্লাক থেকে সফলভাবে হোস্ট ডিএনএ উদ্ধার করা সম্ভব হয়েছে। গবেষকদের মতে, এই আবিষ্কার অন্যান্য প্রাচীন নমুনাগুলোর বিশ্লেষণেও নতুন পথ দেখাবে, এমনকি যখন ডিএনএ বা প্রোটিন পুরোপুরি সংরক্ষিত না থাকে।
ক্রেডিট: Xijun Ni
এখন বিজ্ঞানীদের হাতে এমন একটি খুলির রেফারেন্স রয়েছে যা দিয়ে ভবিষ্যতের অনেক ফসিল চিহ্নিত করা সম্ভব হবে, এমনকি যদি তাতে ডিএনএ বা প্রোটিন না-ও থাকে। প্রাগৈতিহাসিক মানবজাতির এই নতুন চেহারা আমাদের বিবর্তনের ইতিহাসে আরেকটি উঁকি দিল—এবং একঝলক পরিচয় এনে দিল হারিয়ে যাওয়া সেই ডেনিসোভানদের, যাদের মুখ এতদিন ছিল কেবল কল্পনার।
এই আবিষ্কার প্রমাণ করে, প্রাচীন ডিএনএ আর প্রোটিন বিশ্লেষণ প্রযুক্তির সঙ্গে প্রত্নতত্ত্বের মিলবন্ধন কতটা শক্তিশালী হতে পারে। হয়তো ভবিষ্যতে আরও বহু হারিয়ে যাওয়া মানুষদের চেহারাও উঠে আসবে এমনই কোনো ফসিল থেকে, কোনো কূপের অতল অন্ধকার থেকে।
———
Denisovan mitochondrial DNA from dental calculus of the >146,000-year-old Harbin cranium, Cell (2025).
DOI: 10.1016/j.cell.2025.05.040
The proteome of the late Middle Pleistocene Harbin individual, Science (2025)
DOI: 10.1126/science.adu9677
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।



