স্থূলতার (obesity) জন্য দায়ী একটি বিশেষ জিন প্যারাডক্সিক্যালি হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমানোর সঙ্গেও যুক্ত। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। হাজারো স্থূল ব্যক্তির জেনেটিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই বিস্ময়কর ফলাফল পেয়েছেন।
স্থূলতা সাধারণত ‘খারাপ কোলেস্টেরল’ নামে পরিচিত লো-ডেনসিটি লিপোপ্রোটিন (LDL) এর উচ্চমাত্রার সঙ্গে এবং হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। কিন্তু ১৬ অক্টোবর, ২০২৫ Nature Medicine জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে, যাদের স্থূলতা MC4R নামের জিনের একটি বিরল রূপের কারণে হয়, তাদের LDL কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের হার সাধারণ স্থূল ব্যক্তিদের তুলনায় কম।
জার্মানির ইউনিভার্সিটি অব ডুইসবুর্গ-এসেনের জেনেটিসিস্ট আঙ্কে হিনি বলেন, “এই মিউটেশনযুক্ত ব্যক্তিদের স্থূলতা বেশ গুরুতর হলেও, স্থূলতা থেকে সৃষ্ট অন্যান্য জটিলতার ঝুঁকি তুলনামূলকভাবে কম, এটা সত্যিই ভালো খবর।” তিনি আরও বলেন, এই ফলাফল ভবিষ্যতে উচ্চ কোলেস্টেরলের চিকিৎসার নতুন ওষুধ উদ্ভাবনের পথও খুলে দিতে পারে।
গবেষণাটি শুরু হয়েছিল এই বোঝার জন্য যে, শরীরের ওজন নিয়ন্ত্রণে মূল প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে এবং কেন কিছু স্থূল ব্যক্তি ভালো হৃদস্বাস্থ্য বজায় রাখতে পারেন।
গবেষণার প্রধান লেখক সাদাফ ফারুকি, যিনি ইউনিভার্সিটি অব কেমব্রিজে মেটাবোলিজম নিয়ে কাজ করেন, ব্যাখ্যা করেন যে MC4R জিন মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে যা ক্ষুধা কমানোর সংকেত দেয়। তিনি বলেন, “এই জিন কাজ না করলে ক্ষুধা কমানোর ব্রেকটা নষ্ট হয়ে যায়, ফলে শরীর ওজন বাড়াতে থাকে।”
এমন জিনের ত্রুটিযুক্ত মানুষদের মধ্যে স্থূলতা বেশি দেখা যায়। প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তিদের প্রায় ১% এবং স্থূল শিশুদের প্রায় ৫% ক্ষেত্রে এই মিউটেশন পাওয়া যায়। যুক্তরাজ্যে প্রায় প্রতি ৩০০ জনে একজনের এই জিনে ত্রুটি আছে বলে অনুমান করা হয়।
ফারুকি ও তাঁর দল দুটি গবেষণার অংশগ্রহণকারীদের জেনেটিক তথ্য বিশ্লেষণ করেন, Genetics of Obesity Study এবং UK Biobank-এর।
Genetics of Obesity Study তে পাওয়া যায়, ১৪৪ জন প্রাপ্তবয়স্কের MC4R জিন কার্যকর ছিল না। আশ্চর্যজনকভাবে, এদের রক্তচাপ, মোট কোলেস্টেরল, LDL এবং ট্রাইগ্লিসারাইডস (fats) এর মাত্রা কার্যকর MC4R জিনযুক্ত অন্য স্থূলদের তুলনায় কম ছিল।
UK Biobank-এর ফলাফলও একই রকম। যাদের অন্তত একটি ক্ষতিকর MC4R মিউটেশন ছিল, তাদের রক্তে লিপিডের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কম দেখা গেছে, এমনকি শরীরের ওজন সমান থাকলেও।
একটি খাদ্য-সংক্রান্ত পরীক্ষায় দেখা যায়, ত্রুটিযুক্ত MC4R প্রোটিনযুক্ত ১১ জন ব্যক্তি উচ্চ-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর লিপিড প্রসেস করেন ভিন্নভাবে, যেখানে স্বাভাবিক MC4R যুক্ত ১৫ জন স্থূল ব্যক্তির লিপিড প্রক্রিয়া ছিল আলাদা।
সব মিলিয়ে, ফারুকির মতে, এই গবেষণা মস্তিষ্ক ও লিপিড বিপাকের (lipid metabolism) মধ্যে গভীর সংযোগের ইঙ্গিত দেয়। “হৃদরোগ থেকে এমন সুরক্ষা পাওয়া সত্যিই অবাক করার মতো,” বলেন তিনি।
আঙ্কে হিনি মনে করেন, ভবিষ্যতের গবেষণায় পুরুষ ও নারীর মধ্যে MC4R মিউটেশনের প্রভাবের পার্থক্য আরও ভালোভাবে বোঝা উচিত। তিনি বলেন, অন্য এক গবেষণায় দেখা গেছে মধ্যবয়সী নারীদের ক্ষেত্রে এই জিনের প্রভাব পুরুষদের তুলনায় দ্বিগুণ হতে পারে।
———
Obesity due to MC4R deficiency is associated with reduced cholesterol, triglycerides and cardiovascular disease risk. Nat Med (2025).
DOI: 10.1038/s41591-025-03976-1
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


