এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ২০২৫ সালে জ্যোতির্বিজ্ঞানের সেরা পাঁচ আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > ২০২৫ সালে জ্যোতির্বিজ্ঞানের সেরা পাঁচ আবিষ্কার
জ্যোতির্বিজ্ঞান

২০২৫ সালে জ্যোতির্বিজ্ঞানের সেরা পাঁচ আবিষ্কার

ড. শামীম হক মণ্ডল
ড. শামীম হক মণ্ডল
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫
হালনাগাদ: 29 ডিসেম্বর, 2025
পড়তে 9 মিনিট লাগবে
শেয়ার
পার্সিভারেন্স রোভারের মাস্কট‍্যমা-জেড যন্ত্রে তোলা চোয়াভা ফলসের ছবি। ক্রেডিট: NASA/JPL-Caltech/ASU/MSSS
পার্সিভারেন্স রোভারের মাস্কট‍্যমা-জেড যন্ত্রে তোলা চোয়াভা ফলসের ছবি।NASA/JPL-Caltech/ASU/MSSS
শেয়ার

২০২৫ সালের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। বছরজুড়ে নিত্যনতুন আবিষ্কার অবাক করে দিয়েছে বিশ্ববাসীকে। বিশেষ করে মহাকাশপ্রেমীদের কাছে এই বছরটি ছিলো বর্ণময়।পৃথিবীতে বসে বিজ্ঞানীরা বছরভর খুঁজে গেলেন এক্সেপ্লানেট বা ভিনগ্রহীদের, পাওয়া গেল ক‍্যুইপুর মতো বিশালাকৃতির মহাজাগতিক কাঠামোর, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আয়নায় ধরা পড়ল অলকানন্দা (আমাদের ছায়াপথের মতো দেখতে), দেখা মিললো লেমন, 3I/ATLAS সহ হরেক রকমের ধুমকেতুর, আরও কতকি। এরই মাঝে একটিই ভয় বছরভর তাড়া করে বেড়ালো আমাদের-এই বুঝি বিশালকার কোনো গ্রহাণু ধাক্কা মারলো! সারা বছর ধরে ঘটে যাওয়া রোমাঞ্চকর পাঁচটি আবিষ্কারের কথা রইলো আজ-

১. মহাবিশ্বের বৃহত্তম কাঠামো, ‘কুইপু’

এইবছর Astronomy & Astrophysics (A&A) নামক জার্নালে প্রকাশিত ‘Unveiling the largest structures in the nearby Universe: Discovery of the Quipu superstructure’ নামের গবেষণাপত্রটি কসমোলজি বা সৃষ্টিতত্বের জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। ম‍্যাক্স প্ল‍্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ফিজিক্স ও ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ফিজিক্সের গবেষকরা খুঁজে পেয়েছেন মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামো, কুইপুকে (Quipu)। রোস্যাট এক্স-রে স্যাটেলাইটের সাহায্যে নিকটবর্তী মহাবিশ্বের ম্যাপিংয়ের সময় ধরা পড়ে প্রায় ২০০ কোয়াড্রিলিয়ন সৌর ভর (১ সৌর ভর= ১.৯৮৮৪১৬×১০৩০ কিলোগ্রাম) এর বিশালাকৃতির এই মহাজাগতিক কাঠামো। শুধু ভরের দিক থেকেই নয়, আকারের নিরিখেও এটি অকল্পনীয়; বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এটি ৪২৮ মেগাপারসেক (১ মেগাপারসেক=৩২.৬ লক্ষ‍ আলোকবর্ষ) জায়গা জুড়ে বিস্তৃত এই দানবাকার কাঠামোটি আকারে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ১৩ হাজার গুণ! জ্যোতির্বিজ্ঞানে মহাজাগতিক বস্তু সমুহের আকার বোঝাতে দৈর্ঘের বদলে ক্ষেত্রবিশেষ ‘সময়’ এর সাহায্য নেওয়া হয়। সেই দিক থেকে দেখতে গেলে এটি অতিক্রম করতে আলোর সময় লাগবে ১৩ কোটি বছর!

কুইপু-র ত্রি মাত্রিক গঠন।ক্রেডিট: Bohringer et al./Max Planck Institute for Extraterrestrial Physics
কুইপু-র ত্রি মাত্রিক গঠন।
ক্রেডিট: Bohringer et al./Max Planck Institute for Extraterrestrial Physics

ম্যাক্স প্ল্যাঙ্কের বিজ্ঞানী, হ্যান্স বোহরিঙ্গার ও তাঁর সহকর্মীরা এই বিশালকায় কাঠামোর নাম দিয়েছেন ‘কুইপু’। এরকম অদ্ভুত নাম কেন? মধ্য আমেরিকার ইনকা সভ্যতার গণনা পদ্ধতিতে গিঁট বাঁধা দড়ির প্রচলন ছিল। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরিতে কাজ করার সময় চিলির সান্তিয়াগোর কাছে একটি জাদুঘরে দড়িগুলো দেখেছিলেন বোহরিঙ্গার। সেই থেকে এই নামকরণ। আর একটি কারণ হলো অধিকাংশ গ্যালাক্সি ক্লাস্টারগুলির দূরত্ব মাপা হয়েছিল চিলির সাউদার্ন অবজারভেটরিতে। মূলত একটি মোটা দড়ির চারপাশে বেশ কয়েকটি সরু দড়ি দিয়ে প‍্যাঁচ দেওয়া আছে কুইপু-র অবয়বে, ঠিক প্রাচীন ইনকা লিপির মতো।

জ্যোতির্বিজ্ঞানীরা আশাবাদী যে, ভবিষ্যতে এই ধরনের গবেষণা প্রচলিত মহাজাগতিক মডেলগুলোকে আরো উন্নত করতে সাহায্য করবে। বিজ্ঞানী, গেইউং চোনের গলায় ফুটে ওঠে সেই সম্ভাবনার কথা, “এইসমস্ত মহাজাগতিক পরিমাপগুলি যদি কেবলমাত্র কয়েক শতাংশের সংশোধন করা সম্ভব হয়, তবে মহাজাগতিক পর্যবেক্ষণের নির্ভুলতা বৃদ্ধির সাথে সাথে এগুলি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে”।

২. K2-18b এক্সোপ্ল্যানেট

প্রাচীন কাল থেকে দুরবীণে চোখ রেখে আকাশ পর্যবেক্ষণ করে গেছেন বিজ্ঞানীরা। কালের আবর্তনে, তাঁদের হাতে এসছে হাবল, জেমস ওয়েবের মতো শক্তিশালী সব টেলিস্কোপ। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী, পৃথিবী থেকে ১২৮ আলোকবর্ষ দূরে ‘K2-18b’ নামক একটি গ্রহে খুঁজে পেয়েছেন প্রাণের অস্তিত্ত্ব।

আমাদের পৃথিবীর চেয়ে ৮.৬ গুণ বড় এই গ্রহে ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডাইসালফাইড (DMDS) নামে দুটি রাসায়নিক গ্যাসের অস্তিত্ত্ব খুঁজে পেয়েছেন তাঁরা। মূলত সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন-অ্যালগি উৎপন্ন করে এগুলি। অর্থাৎ, কোনও জৈবিক প্রক্রিয়ার ছাপ সেখানে থাকতে পারে বলে অনুমান করছেন গবেষকরা। প্রযুক্তির আরো উন্নতি হলে, সে বিষয়ে জোর দিয়ে কিছু বলা যাবে।

গ্রাফটি জেমস ওয়েব টেলিস্কোপের MIRI স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে K2-18b এক্সোপ্ল্যানেটের পর্যবেক্ষণ করা ট্রান্সমিশন স্ট্রকট্রাম। ক্রেডিট: A. Smith, N. Madhusudhan (University of Cambridge)
গ্রাফটি জেমস ওয়েব টেলিস্কোপের MIRI স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে K2-18b এক্সোপ্ল্যানেটের পর্যবেক্ষণ করা ট্রান্সমিশন স্ট্রকট্রাম।
ক্রেডিট: A. Smith, N. Madhusudhan (University of Cambridge)

৩. মঙ্গলে প্রানের খোঁজ

মঙ্গল গ্রহে জলের সন্ধান বিজ্ঞানীরা করে আসছেন অনেকদিন ধরে। জল মিললেই প্রাণ স্পন্দনের হদিশ পাওয়া যাবে তেমন নয়, কিন্তু জীবনের অতি গুরুত্বপূর্ণ উপাদান জল। এবছরের ১০ ই সেপ্টেম্বর, Nature জার্নালে “Redox-driven mineral and organic associations in Jezero Crater, Mars” শিরোনামে প্রকাশিত এক গবেষণায় একদল বিজ্ঞানী দাবি করেছেন যে নাসার পার্সিভিয়ারেন্স রোভারে সংগৃহীত চেয়াভা ফলস (Cheyava Falls) নামক পাথরের নমুনায় জীবনের চিহ্ন পাওয়া গেছে। তীরের মতো আকৃতি বিশিষ্ট ৬ বর্গফুটের দাগযুক্ত এই পাথরটি এমন এক জায়গায় (জেজেরো গর্তে) পাওয়া গেছে, যেখানে আগে নদী বইতো।

পার্সিভারেন্স রোভারের মাস্কট‍্যমা-জেড যন্ত্রে তোলা চোয়াভা ফলসের ছবি।ক্রেডিট: NASA/JPL-Caltech/ASU/MSSS
পার্সিভারেন্স রোভারের মাস্কট‍্যমা-জেড যন্ত্রে তোলা চোয়াভা ফলসের ছবি।
ক্রেডিট: NASA/JPL-Caltech/ASU/MSSS

বিজ্ঞানীরা রোভারের পাওয়া পাথরটি থেকে ছোটো ছোটো নমুনা সংগ্রহ করে গত এক বছর ধরে পর্যালোচনা করেছেন। তাঁরা সেই নমুনার নাম দিয়েছেন ‘স্যাফায়ার ক্যানিয়ন’। প্রাথমিক বিশ্লেষণে তাঁরা দাবি করেছেন যে পাথরটি জৈব যৌগে সমৃদ্ধ। এতে মিলেছে ভিভিয়ানাইট নামের এক ধরনের লোহার ফসফেট, যা পৃথিবীতে পচনশীল জৈব পদার্থের কাছে খুঁজে পাওয়া যায়; পাওয়া গেছে গ্রেইজাইট নামক লোহার সালফাইড। সাধারণত পৃথিবীতে এদের মিশ্রণকে সম্ভাব্য জীবনের ছাপ হিসেবে দেখা হয়।

‘চেয়াভা ফলসের ‘ গায়ে লম্বা লম্বা দাগ দেখতে পাওয়া গেছে, এটি প্রমাণ করে যে পাথরের ভেতর দিয়ে যে একসময় জলপ্রবাহ হতো। বিজ্ঞানীদের অনুমান এই দাগগুলোর পিছনে রয়েছে প্রাচীন অণুজীব সম্পর্কিত কিছু রাসায়নিক বিক্রিয়া। তবে এ ব্যাপারে তাঁরা এখনই নিশ্চিত নন; কোনো অজ্ঞাত রাসায়নিক বিক্রিয়ার জন্যেও এমনটা হতে পারে। ২০২১ সাল থেকে মঙ্গল গ্রহের বিভিন্ন প্রান্তের নমুনা সংগ্রহ করে ১০টি টাইটানিয়ামের বাক্সে সংরক্ষণ করা আছে, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে আরো নিশ্চিত করে কিছু বলা যাবে। অতএব কোটি কোটি বছর আগে সত‍্যি মঙ্গলে প্রাণের স্পন্দন ছিল কিনা, থাকলে কত বছর ধরে ছিল, সেখানকার জলবায়ুর এই দশা কি করে হলো, এসব জানতে গেলে আমাদের হয়তো আরো কিছু বছর অপেক্ষা করতে হবে।

৪. ইউরেনাসের চাঁদ

আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহের চাঁদের সংখ্যা বিভিন্ন; সবচেয়ে বড়, বৃহস্পতির আছে ৯৫টি, শনির আছে ২৭৪টি, পৃথিবীর আছে একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ। আবার বুধ বা শুক্রের কোনো উপগ্রহ নেই। সম্প্রতি, বিজ্ঞানীরা S/2025 U 1 নামক ইউরেনাসের নতুন এক চাঁদের সন্ধান পেয়েছেন, যার ব্যাস মাত্র ১০ কিলোমিটার। আকারে ক্ষুদ্র হওয়ায় এতদিন নজরে পড়ছিল না জ্যোতির্বিদদের। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড ক্যামেরা গত ২ ফেব্রুয়ারি এই চাঁদটির সন্ধান মেলে। বর্তমানে, ইউরেনাসের মোট উপগ্রহ ২৯ টি। ইউরেনাসের চারপাশে ১৩টি রিং আছে, বিজ্ঞানীদের ধারণা এগুলোর আড়ালেই আরো চাঁদ লুকিয়ে আছে। সুতারং বরফ শীতল এই গ্রহের মোট কটি চাঁদ আছে, তার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে।

এই ছবিতে ইউরেনাসের নতুন আবিষ্কৃত চাঁদ S/2025 U1 সহ মোট ১৩টি চাঁদ দেখা যাচ্ছে। ছবিটি তিন ধরনের ডেটা একত্র করে তৈরি করা হয়েছে, যাতে গ্রহের বায়ুমণ্ডল, রিং ও চাঁদগুলো স্পষ্টভাবে দেখা যায়। ডেটা সংগ্রহে JWST-এর NIRCam-এর ইনফ্রারেড ফিল্টার ব্যবহার করা হয়েছে।ক্রেডিট: NASA/ESA/CSA/STScI/M. El Moutamid (SwRI)/M. Hedman (University of Idaho)
এই ছবিতে ইউরেনাসের নতুন আবিষ্কৃত চাঁদ S/2025 U1 সহ মোট ১৩টি চাঁদ দেখা যাচ্ছে। ছবিটি তিন ধরনের ডেটা একত্র করে তৈরি করা হয়েছে, যাতে গ্রহের বায়ুমণ্ডল, রিং ও চাঁদগুলো স্পষ্টভাবে দেখা যায়। ডেটা সংগ্রহে JWST-এর NIRCam-এর ইনফ্রারেড ফিল্টার ব্যবহার করা হয়েছে।
ক্রেডিট: NASA/ESA/CSA/STScI/M. El Moutamid (SwRI)/M. Hedman (University of Idaho)

৫. 3I/ATLAS ধূমকেতু

এ বছর অক্টোবরে দেখা মিলেছিল সোয়ান (C/2025 R2) ও লেমন (C/2025 A6) নামক জোড়া ধুমকেতুর। আবার, গত জুলাই থেকে মহাকাশ প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল 3I/ ATLAS নামের আন্তনাক্ষত্রিক ধূমকেতু। সম্প্রতি, ১৯শে ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে (আনুমানিক ১.৮ আস্ট্রনমিক্যাল ইউনিটের দূরে) আসে এই মহাজাগতিক বস্তুটি। কী এই 3I/ATLAS?

সাধারণত কঠিন বরফ (পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি) এবং ধুলো ও পাথরের সমন্বয়ে গঠিত এর কেন্দ্রটি ০.৬ থেকে ৫.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে গ্যাস ও ধুলোর মেঘ। দেখতে অনেকটা উল্টানো ঝাঁটার মতো, যাকে বলা হয় ‘অ‍্যান্টি-টেইল।

জ্যোতির্বিজ্ঞানী, ল্যারি ডেননিউ ২০২৫ সালের ১লা জুলাই রাতের আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে এই মহাজাগতিক বস্তুর সন্ধান পান। অ্যাস্টরেয়ড টেরেস্ট্রিয়াল ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (ATLAS) এর সাথে যুক্ত ছিলেন ডেননিউ, যার কাজই হলো পৃথিবীর ওপর আঘাত হানতে পারে এমন গ্রহাণু বা মহাজাগতিক বস্তুর ওপর সার্বক্ষণিক নজর রাখা। এটি হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির অধিনে রয়েছে। হাওয়াইতে দুটো ও দক্ষিণ গোলার্ধে আরো দুটো, মোট চারটি টেলিস্কোপের সাহায্যে মহাকাশে সার্বক্ষণিক নজরদারি চালায় ATLAS, যাতে কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীর সীমার কাছে পৌঁছানোর অনেক আগেই টের পাওয়া যায়।

২ জুলাই, ২০২৫ তারিখে চিলির রিও হুর্তাদোতে iTelescope.Net T72 টেলিস্কোপ দিয়ে তোলা এই ছবিটিতে আন্তঃনাক্ষত্রিক বস্তু 3I/ATLAS দেখানো হয়েছে।ক্রেডিট: Filipp Romanov
২ জুলাই, ২০২৫ তারিখে চিলির রিও হুর্তাদোতে iTelescope.Net T72 টেলিস্কোপ দিয়ে তোলা এই ছবিটিতে আন্তঃনাক্ষত্রিক বস্তু 3I/ATLAS দেখানো হয়েছে।
ক্রেডিট: Filipp Romanov

এবছর ২১ শে জুলাই, হাবলের তোলা ছবিতে অ্যান্টি-টেইল এর উপস্থিতি টের পান বিজ্ঞানীরা। প্রসঙ্গত উল্লেখ্য, তখন সূর্যাভিমুখী 3I/ATLAS এর পৃথিবী থেকে দূরত্ব ছিল ২.৯৮ AU; পরবর্তীতে ৩০শে নভেম্বর, হাবলের তোলা ছবিতেও এই উল্টানো ঝাঁটার মতো অ্যান্টি-টেইল লক্ষ্য করা যায় । বিজ্ঞানীদের ধারণা, 3I/ATLAS এর ভেতরে থাকা পদার্থগুলি হয়তো সেই সময়ের সাক্ষী, যখন আমাদের এই সৌরজগৎ সৃষ্টিই হয়নি।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ইঞ্জিনিয়ারিং বায়োলজি: পরিবেশ রক্ষার নতুন হাতিয়ার
পরবর্তী প্রবন্ধ নতুন ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু আবিষ্কৃত!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?